
মতলব দক্ষিণে অগ্নিকাণ্ডে ৭টি ঘর ভষ্মিভুত, ৪৫ লক্ষাধিক টাকার ক্ষতি


চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল গ্রামের একটি বাড়ীতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বসত ও রান্নার ঘরসহ ৭টি ঘর। বুধবার (২৩ সেপ্টেম্বর ) সকাল আনুমানিক ৯টায় উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের মাছুয়াখাল গ্রামের জমাদার বাড়ীতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় এলাকাবাসীর সহায়তায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে আসে।
বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ধারনা মতলব ফায়ার সার্ভিসের।
ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচ পরিবারের ৫টি বসতঘর ও ২টি রান্নাঘর এবং ঘরের ভিতরে থাকা পরনের কাপড় ছাড়া আসবাবপত্রসহ সকল মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষয় ক্ষতির পরিমাণ প্রায় ৪০ লাখ টাকার বেশী হতে পারে বলে প্রাথমিক ধারনা ক্ষতিগ্রস্ত পরিবারের।এ ঘটনায় আগুন নিভাতে গিয়ে ২ জন আহত হয়েছে।


তবে পার্শ্ববর্তী ঘরসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল উদ্ধার করেছে স্থানীয় লোকজন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার সকালে জালাল জমদ্দারের বসতঘর থেকে হঠাৎ করে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের ঘর ও রান্নাঘরে ছড়িয়ে পড়ে। এ সময় ঘরে থাকা বিভিন্ন আসবাবপত্র ও মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে ঘটনাস্থলে ফয়ার সার্ভসের কর্মীরা এসে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে রয়েছে -মো. জালাল জমদ্দার, মো. সেলিম জমদ্দার, সুফিয়ান জমদ্দার, কামরুল জমদ্দার ও মানিক মিয়া।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মো. জালাল জমদ্দার বলেন, হঠাৎ আগুনে আমাদের ঘরগুলো পুড়ে ছাই হয়ে গেছে। পাঁচটি বসতঘর, পাঁচটি রান্নাঘর, স্বর্নালংকার,মালামালসহ সব পুড়ে গেছে। আমাদের প্রায় ৪৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শুধু পড়নের কাপড় টা ছাড়া আর কিছু নাই। এখন কই থাকমু তাও জায়গা নাই।
মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মেহেদী হাসান বলেন, আমরা খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে ছুটে যাই। পাঁচটি পরিবারের বসতঘর ও রান্নাঘর পুড়েছে। এতে দুইজন আহত হয়েছেন।১টি ইউনিট প্রায় এক ঘন্টা
কাজ করে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি। প্রাথমিকভাবে ধারণা করা গেছে বৈদ্যুতিক গোলযোগের কারনে আগুনের সূত্রপাত হয়েছে।


























