
মতলবে নিখোঁজ স্কুলছাত্র রাতুল ১২ ঘণ্টার মধ্যে বান্দরবান থেকে উদ্ধার


চাঁদপুরের মতলব উত্তর থেকে নিখোঁজ হওয়া ৭ম শ্রেণির শিক্ষার্থী রাতুল দেবনাথ (১৩) কে নিখোঁজের ১২ ঘণ্টার মধ্যে বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ।
রাতুল দেবনাথ ছেংগারচর সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এবং ছেংগারচর বাজারের স্বর্ণ ব্যবসায়ী বিশ্বজিৎ চন্দ্র দেবনাথের ছেলে।
পুলিশ জানায়, গত ২১ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টার দিকে বিদ্যালয়ে আসার পর সে নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়।


একই দিন সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে রাতুল তার ফেসবুক পেজে “Miss you Ma” লিখে একটি স্ট্যাটাস দেয়। বিষয়টি পরিবারের নজরে আসার পর তারা আরও উদ্বিগ্ন হয়ে পড়েন। সম্প্রতি কুমিল্লায় একটি হত্যাকাণ্ডের ঘটনার প্রেক্ষাপটে পরিবারের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরে রাতুলের বাবা মতলব উত্তর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল হাসানের তত্ত্বাবধানে এসআই জীবন চৌধুরী ও এএসআই রবিউল হোসেনের নেতৃত্বে একটি আভিযানিক দল তথ্যপ্রযুক্তির সহায়তায় রাতুলের অবস্থান শনাক্ত করে।
পরে ওই তথ্যের ভিত্তিতে বান্দরবান জেলার সদর থানাধীন ১২ মাইল নামক দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়।
প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে রাতুলকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব।




























