
অনলাইনে ইলিশ মাছ বিক্রির বিজ্ঞাপন দিয়ে প্রতারণা: চাঁদপুর ডিবির অভিযানে সংঘবদ্ধ চক্রের ২ সদস্য গ্রেফতার


সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ইলিশ মাছসহ বিভিন্ন পণ্য বিক্রির লোভনীয় বিজ্ঞাপন দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া সংঘবদ্ধ প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।
বৃহস্পতিবার বিকালে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্ মোঃ লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলেন মোঃ হাবিবুর রহমান ওরফে সাজিদ (৪১) ও মোঃ রকিবুল হাসান নয়ন ওরফে রাব্বী (৩৬)।
বৃহস্পতিবার রাতে নড়াইল জেলার কালিয়া থানাধীন পুরুলিয়া ইউনিয়নের পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ডিবির ওসি মোঃ মজিবুর রহমান জানান, এসআই মোঃ আনছার উল্লাহ ও এসআই মোঃ জিয়াউল হক জিয়া এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল কালিয়া থানা পুলিশের সহযোগিতায় প্রথমে নোয়াগ্রাম এলাকা থেকে হাবিবুর রহমানকে এবং পরে চাঁদপুর মধ্যপাড়া এলাকা থেকে রকিবুল হাসান নয়নকে গ্রেফতার করে।


গ্রেফতারকৃতদের হেফাজত থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৫টি মোবাইল ফোন, একাধিক সিমকার্ড এবং নগদ ৬০,০ টাকা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, চক্রটি বিভিন্ন ফেসবুক পেইজে ইলিশ মাছ ও অন্যান্য পণ্যের চটকদার বিজ্ঞাপন দিয়ে ক্রেতাদের আকৃষ্ট করত। এরপর পণ্য ডেলিভারির কথা বলে মোবাইল ব্যাংকিং ও ব্যাংক হিসাবের মাধ্যমে অগ্রিম টাকা নিয়ে আর যোগাযোগ করত না। চাঁদপুর সদর মডেল থানায় দায়েরকৃত সাধারণ ডায়েরি ও ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে এভাবে প্রতারণা করে আসছিল বলে স্বীকার করেছে। এ ঘটনায় আরও কয়েকজন জড়িত রয়েছে বলে তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় বৃহস্পতিবার বিকালে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন, ২০২৬ ও পেনাল কোড এর আওতায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান জানান, অনলাইনে কেনাকাটার ক্ষেত্রে অপরিচিত ফেসবুক পেইজ বা ব্যক্তির মাধ্যমে লেনদেনের আগে যাচাই-বাছাই করার জন্য জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, অনলাইন প্রতারক চক্রের বিরুদ্ধে চাঁদপুর জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।


























