
চাঁদপুরে অনলাইনে ইলিশ বিক্রি প্রতারক চক্রের ৪ সদস্য নড়াইল থেকে গ্রেফতার, মোবাইল-সিম ও নগদ টাকা উদ্ধার


চাঁদপুরের নাম ভাঙিয়ে ইলিশ মাছসহ বিভিন্ন পণ্য বিক্রির নামে দীর্ঘদিন ধরে সক্রিয় একটি অনলাইন প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে চাঁদপুর জেলা পুলিশ। নড়াইল জেলার কালিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০টি মোবাইল ফোন, ৪৬টি সিম কার্ড (যার মধ্যে ২টি ভারতীয় সিম) এবং নগদ ৭৫ হাজার টাকা জব্দ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে চাঁদপুর পুলিশ মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন, নড়াইল জেলার কালিয়া থানা এলাকার ফুরকান শেখ (২৫), চান্দু শেখ (২৫),
রাতুল হোসেন নবেল (২৫) ও শহিদুল শেখ (২৩)।


পুলিশ জানায়, চক্রটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক থেকে বিভিন্ন ছবি ও ভিডিও সংগ্রহ করে তা এডিট করে ফেক পেজ এবং হোয়াটসঅ্যাপ আইডি খুলত। এরপর ইলিশ মাছ, ফার্নিচার, জুতা, কলম, শিশুদের খেলনা ও অনলাইন চাকরির ভুয়া বিজ্ঞাপন ও রিলস তৈরি করে বুস্ট পোস্টের মাধ্যমে জনসাধারণের মাঝে ছড়িয়ে দিত। ক্রেতাদের সাথে যোগাযোগের জন্য তারা অন্যের নামে নিবন্ধিত সিম ব্যবহার করত। এছাড়া মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো বা সরাসরি অডিও কলে নাহিদ, জাবেদ, সনি মিয়া, হাজী আব্দুল কাদের ও সাকিবের মতো ভুয়া নাম ব্যবহার করে নিজেদের প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে পরিচয় দিত।
প্রতারণা বিশ্বাসযোগ্য করতে তারা ভুয়া ঠিকানা, ভুয়া জাতীয় পরিচয়পত্র, ট্রেড লাইসেন্স এবং নকল ভাউচার ব্যবহার করত। সাধারণ মানুষের কাছ থেকে অগ্রিম টাকা হাতিয়ে নেওয়ার পর তারা কোনো পণ্য সরবরাহ না করে দীর্ঘদিন ধরে অর্থ আত্মসাৎ করে আসছিল।
এ ঘটনায় চাঁদপুর মডেল থানায় দুটি পৃথক মামলা রুজু হয়েছে। মামলাগুলো হলো২১ আগস্ট ২০২৬ তারিখের মামলা নং-১১১ (ধারা-২১ সাইবার সুরক্ষা আইন, ২০২৬ তৎসহ ৪০৬/৪২০ পেনাল কোড) এবং ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মামলা নং-০৫ (ধারা-২১/২২ সাইবার সুরক্ষা আইন, ২০২৬ তৎসহ ৪০৬/৪২০ পেনাল কোড)।
চাঁদপুর জেলা পুলিশের এলআইসি শাখা ও ডিবি তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করে নড়াইল জেলার কালিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে।
অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর জানায়, একই ঘটনায় ইতিপূর্বে গ্রেফতারকৃত ২ জনসহ এ পর্যন্ত মোট ৬ জনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। চাঞ্চল্যকর এই মামলাটি সর্বোচ্চ গুরুত্ব ও পেশাদারিত্বের সাথে তদন্তাধীন রয়েছে। অনলাইন প্রতারণা রোধে চাঁদপুর জেলা পুলিশের এমন অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।


























