
হামে আরও ৭ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ২১৪


দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ২১৪ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া গত একদিনে নতুন করে ১ হাজার ১৩৫ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে।
শুক্রবার (২৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ঢাকা বিভাগে ২ জন এবং চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছেন। তাঁদের নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ২১৪ জনে দাঁড়িয়েছে। তাঁদের মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১১০ জনের মৃত্যু হয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ১১০ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। তাঁদের নিয়ে এ পর্যন্ত সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১৮ হাজার ৮৭০ জনে। একই সময়ে নতুন করে ২৫ জনের হাম শনাক্ত হয়েছে। সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ২৩ হাজার ২৭৩ জনের হাম শনাক্ত হয়েছে।
অন্যদিকে, গত ১৫ মার্চ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ১ লাখ ৯৪ হাজার ৬৩৩ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৮৬ হাজার ৭৯৮ জন।

























