
চাঁদপুরে অসুস্থ লঞ্চযাত্রীকে চিকিৎসা সহায়তা দিল কোস্টগার্ড


কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল পেয়ে যাত্রীবাহী লঞ্চে গুরুতর অসুস্থ এক যাত্রীকে চিকিৎসা সহায়তা দিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। পরে উন্নত চিকিৎসার জন্য ওই যাত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। সোমবার বিকেলে বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রোববার (১৮ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে ভোলা থেকে ঢাকাগামী ‘এমভি কর্ণফুলী-১৩’ লঞ্চটি চাঁদপুরের আনন্দবাজার-সংলগ্ন এলাকায় পৌঁছালে এক যাত্রী হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এ সময় ওই যাত্রীর সঙ্গে থাকা তার ভাই কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল করে সহায়তা চান।
খবর পেয়ে কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর থেকে একটি মেডিকেল টিম দ্রুত লঞ্চটিতে পৌঁছে অসুস্থ যাত্রীকে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা দেয়। পরে উন্নত চিকিৎসার জন্য কোস্টগার্ডের বোটযোগে তাকে ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালে নেওয়া হয়। সেখান থেকে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে সিএনজিযোগে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।


বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন সাব্বির আলম সুজন আরো জানান, জনসেবায় কোস্টগার্ড সর্বদা নিয়োজিত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।


























