ট্রান্সফরমার চুরির মামলা না নেয়ায় চাঁদপুরের সেই ওসিকে ‘অযোগ্য ও অদক্ষ’ বলল আদালত, শাস্তি নিতে সুপারিশ

মনিরুজ্জামান বাবলু চাঁদপুর
আপডেটঃ September ১০, ২০২৬ | ৮:৩৫
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব উত্তরে সাড়ে তিন মাসে ২৫টি ট্রান্সফরমার চুরির অভিযোগ পাওয়ার পরও মামলা রেকর্ড না করায় মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ কামরুল হাসানকে দায়িত্ব পালনে ‘অযোগ্য ও অদক্ষ’ বলে মন্তব্য করেছেন আদালত। একইসঙ্গে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নিতে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ও চাঁদপুরের পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার চাঁদপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নসরুল্লাহর আদালত এ আদেশ দেন। আদেশে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে ওসি কামরুল হাসানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে তা তাঁর সার্ভিস বুকে সংরক্ষণ এবং আদালতকে অবহিত করতে বলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির ফখরুদ্দিন স্বপন।

আদালত সূত্রে জানা গেছে, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার মতলব উত্তর থানায় ২৫টি ট্রান্সফরমার চুরির ঘটনায় পৃথকভাবে মামলা রুজুর আবেদন করেন। এর মধ্যে ২৩টি আবেদন এফআইআর হিসেবে নথিভুক্ত না করায় ওসি মোহাম্মদ কামরুল হাসানকে ব্যক্তিগতভাবে আদালতে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়। পরে তিনি আদালতে হাজির হয়ে লিখিত জবাব দিয়ে অব্যাহতি প্রার্থনা করেন।

বিজ্ঞাপন

ওসি তাঁর লিখিত জবাবে স্বীকার করেছেন যে এফআইআর রুজুর আবেদনগুলো তিনি পেয়েছিলেন। তবে বাদীর পূর্ণাঙ্গ নাম-ঠিকানা, মোবাইল নম্বর ও জাতীয় পরিচয়পত্রের নম্বর না থাকায় মামলা রুজু করা সম্ভব হয়নি বলে দাবি করেন তিনি।

তবে আদালত নথি পর্যালোচনা করে দেখেন, পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর প্রতিটি আবেদনে ঘটনার স্থান, তারিখ এবং চুরি হওয়া ট্রান্সফরমারের সিরিয়াল নম্বরসহ প্রয়োজনীয় তথ্য উল্লেখ ছিল। ঘটনাস্থল ও সময় সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি—ওসির এমন বক্তব্যও সঠিক নয় বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

আদালত বলেন, গত ১ মে থেকে ১৮ আগস্ট পর্যন্ত ২৫টি স্মারকের মাধ্যমে ট্রান্সফরমার চুরির ঘটনায় মামলা রুজুর আবেদন করে পল্লী বিদ্যুৎ সমিতি-২। কিন্তু গত ৪ আগস্ট আদালত স্বপ্রণোদিত হয়ে দুটি ঘটনায় আদেশ দিয়ে প্রতিবেদন চাওয়া পর্যন্ত কোনো মামলা রুজু করেননি ওসি। এরপরও অবশিষ্ট ২৩টি আবেদনের ভিত্তিতে আদালত কারণ দর্শানোর নির্দেশ দেওয়ার আগ পর্যন্ত কোনো মামলা হয়নি।

বিজ্ঞাপন

আদালত আরও মন্তব্য করেন, ট্রান্সফরমার চুরির মতো আমলযোগ্য অপরাধের অভিযোগ পাওয়ার পরও ওসি কোনো এফআইআর করেননি। এমনকি রাষ্ট্রের পক্ষ থেকেও স্বপ্রণোদিত হয়ে মামলা করা হয়নি। ওসির এ নিষ্ক্রিয়তা পল্লী বিদ্যুতের মতো জনগুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানের সম্পদ চুরির পুনরাবৃত্তিকে উৎসাহিত করেছে। পাশাপাশি বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটিয়ে সরকারের প্রতি জনরোষ সৃষ্টিরও সুযোগ তৈরি করেছে।

আদালত বলেন, আমলযোগ্য অপরাধের সংবাদ পাওয়ার পরও এফআইআর না করে ওসি Police Regulation of Bengal-এর ২৪৩ ও ২৪৪ বিধি এবং ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ১৫৪ ধারার বিধান লঙ্ঘন করেছেন। তাঁর এমন নিষ্ক্রিয়তা ও দায়িত্বে অবহেলা দণ্ডবিধি, ১৮৬০-এর ১৬৬ ও ২১৭ এবং The Police Act, 1861-এর ২৯ ধারার অধীনে শাস্তিযোগ্য অপরাধ।

আদেশে বলা হয়, ‘নিষ্ক্রিয়, উদাসীন ও দায়িত্বে অবহেলাকারী’ ব্যক্তি থানার ওসির মতো গুরুত্বপূর্ণ অপারেশনাল পদে দায়িত্ব পালনের ক্ষেত্রে অযোগ্য ও অদক্ষ—বিষয়টি আদালতের কাছে সুস্পষ্টভাবে প্রতীয়মান হয়েছে।

একই আদেশে মামলা হিসেবে নথিভুক্ত না হওয়া ২৩টি ট্রান্সফরমার চুরির ঘটনায় আগামী তিন কার্যদিবসের মধ্যে এফআইআর রুজুর জন্য ওসিকে নির্দেশ দিয়েছেন আদালত।

এ বিষয়ে চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি প্রশাসন নাজিমুল হক বলেন, আদালতের আদেশ এখনো তাঁদের হাতে পৌঁছেনি। আদেশ হাতে পাওয়ার পর আদালতের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অভিযুক্ত ওসি মোহাম্মদ কামরুল হাসানের বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে আমার কোনো বক্তব্য নেই।’

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
রাজারগাঁও ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল করিম বেপারীর মতবিনিময় সভা মতলব পৌরসভার প্রশাসককে ধন্যবাদ জানালেন নগরবাসী মতলবের দলীয় নেতাকর্মীদের ধন্যবাদ জানালেন এনামুল হক বাদল বিল থেকে ধরে বাড়িতে পুষছিলেন গোখরা, কামড় খেয়ে হাসপাতালে কাঠমিস্ত্রি নওমুসলিম রিয়া’র ভাঙ্গা সংসারে জোড়া লাগালেন কচুয়ার ওসি আজিজুল ইসলাম হাজীগঞ্জে চোরাই পিকআপ উদ্ধার, গ্রেপ্তার ১ ইসলামী আন্দোলন বাংলাদেশের ফরিদগঞ্জ উপজেলা শাখার নবগঠিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত মতলব আল রশিদ ক্লাবের পূনরায় সভাপতি এমদাদ খান সম্পাদক জিয়াউর রহমান জিয়া দাকোপ থেকে নৌপথে মোংলার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী চাঁদপুরে তাবলীগ জামাতের আজ ৩ দিনব্যাপী জেলা ইজতেমা শুরু আজ নিরাপদ সড়ক দিবস: সড়ক দুর্ঘটনায় কেড়ে নিল হাজীগঞ্জের শিক্ষার্থী ইশরাতের স্বপ্ন, অর্থের অভাবে থমকে গেছে চিকিৎসাও হাজীগঞ্জ বাজারে কইয়ো জাপানিজ ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে ইউপি সদস্য কুলছুমার বিরুদ্ধে অভিযোগ, ৫ হাজার টাকা দিলেই মিলে বয়ষ্ক-বিধবা ভাতার কার্ড মতলবে উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র, দেড় মাস পর মিলল সন্ধান মতলবে ট্রলি- বাইক মুখোমুখি সংঘর্ষে বিক্রয় প্রতিনিধি নিহত চট্টগ্রাম বিভাগে ৪ দিনের সাংগঠনিক সফরে পেশাজীবী দলের মুখপাত্র নাফিজ মাহবুব সাংবাদিকের সঙ্গে প্রেমের ১১ সুবিধা, হতে পারেন আদর্শ সঙ্গী কচুয়ায় শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বস্ত্র বিতরণ কচুয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু মতলব উত্তরে ওয়ান শুটার গানসহ একজন গ্রেফতার