
মতলব উত্তরে ওয়ান শুটার গানসহ একজন গ্রেফতার


চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশের অভিযানে একটি ওয়ান শুটার গানসহ মোঃ ফরহাদ হোসেন (৩৮) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) জেলা পুলিশের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীবের নেতৃত্বে, অফিসার ইনচার্জ মানস বড়ুয়ার তত্ত্বাবধানে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানিক দল মোহনপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের চর ওয়েস্টার এলাকায় অভিযান চালায়।


গ্রেফতারকৃত ব্যক্তি হলেন চর ওয়েস্টার (ছৈয়াল বাড়ি) এলাকার মৃত আব্দুল কুদ্দুস ছৈয়ালের ছেলে মোঃ ফরহাদ হোসেন। এ সময় তার হেফাজত থেকে একটি ওয়ান শুটার গান উদ্ধার করে জব্দ করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




























