
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯০৭


দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯০৭ জন রোগী।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানানো হয়।


বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১৬৮ জন, উত্তর সিটি করপোরেশন এলাকায় ৮৮ জন এবং ঢাকা বিভাগের অন্যান্য এলাকায় ৪৯ জন ভর্তি হয়েছেন। এছাড়া ঢাকার বাইরে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন খুলনা বিভাগে ২০২ জন এবং বরিশাল বিভাগে ১৬৩ জন। অন্যান্য বিভাগের মধ্যে চট্টগ্রামে ৯৯ জন, রাজশাহীতে ৭৩ জন, ময়মনসিংহে ৪৫ জন, রংপুরে ১৯ জন ও সিলেটে ১ জন হাসপাতালে ভর্তি হন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত মোট ৮৮ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে কেবল আগস্ট মাসেই মারা গেছেন ৩৪ জন। এ বছর ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩০ হাজার ৮৩০ জনে। তাঁদের মধ্যে ২৮ হাজার ৬৫২ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে ৮৯৪ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।


























