
ধর্ষণের ছয় মাস পর অভিযুক্ত দুলাল গ্রেফতার


কুমিল্লার দেবিদ্বারে ১২ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় ধর্ষণকারীকে গ্রেফতার করেছে র্যাব-১১।
গেলো বছর ২৪ ডিসেম্বর কুমিল্লার দেবিদ্বারে ১২ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটে। বর্ণিত ঘটনায় শিশুটির মা বাদী হয়ে দেবিদ্বার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। যার মামলা নং-১৮, তারিখ-৩০/১২/২০২৩।


এরই ধারাবাহিকতায় র্যাব-১১ এর অভিযানে বৃহস্পতিবার রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন ই.পি.জেড এলাকা হতে ধর্ষক মোঃ দুলাল (৫০) গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামী কুমিল্লা জেলার দেবীদ্বার থানার বিহারমন্ডল গ্রামের খাঁ বাড়ীর মৃত আব্দুল বারেকের ছেলে মোঃ দুলাল (৫০)।
স্থানীয় সূত্রে জানা যায়, ভিকটিমের পিতা বিদেশ প্রবাসী এবং তার মা একজন গৃহিনী। ভিকটিম স্থানীয় একটি স্কুলে তৃতীয় শ্রেণীতে অধ্যায়নরত ছিল। ঘটনার দিন ভিকটিম তার বাড়ির পাশের বিলে ছাগল চরাতে গেলে গ্রেফতারকৃত আসামী ভিকটিমকে ২০০০ টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে তাকে পাশের একটি পানের বরজে নিয়ে যায়। পরবর্তীতে ভিকটিমের মা ভিকটিমকে খুঁজতে বিলে উপস্থিত হয়ে তার মেয়েকে খুঁজে না পেয়ে একসময় পান বরজের দিকে অগ্রসর হয়। এসময় ভিকটিমের মা পানের বরজের কাছে এসে তার মেয়ের নাম ধরে ডাক দিলে ভিকটিম পান বরজের ভিতর থেকে কাঁদতে কাঁদতে বের হয়ে আসে এবং ভিকটিমের কান্না শুনে ঘটনাস্থলে উপস্থিত জনৈক ব্যক্তি ভিকটিমের মাকে জানায়, সে আসামী মোঃ দুলালকে পানের বরজ হতে দৌড়ে পালিয়ে যেতে দেখেন। পরবর্তীতে ভিকটিমের মা ভিকটিমকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসে এবং ভিকটিমের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ২০০০ টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে পানের বরজে নিয়ে গিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে এবং ভিকটিম চিৎকার করার চেষ্টা করলে মুখ চেপে ধরে। একপর্যায়ে ভিকটিমের মা ভিকটিমের নাম ধরে ডাকলে আসামী সেখান থেকে পালিয়ে যায়। উক্ত ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে মামলা দায়ের করলে গ্রেফতারকৃত আসামী আইন-শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যায়।
র্যাব-১১ এর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান জানান, ধর্ষণ মামলায় গ্রেফতারকৃত আসামীকে কুমিল্লা জেলার দেবিদ্বার থানায় হস্তান্তর করা হয়েছে। আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।








