
চাঁদপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে মানববন্ধন


বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা প্রদানের প্রতিবাদ এবং দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে চাঁদপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ নভেম্বর ২০২৬) বিকেল সাড়ে ৩টায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর শহরের বায়তুল আমিনের সামনে এ মানববন্ধন শুরু হয়। এতে শতাধিক বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, চাঁদপুর জেলা ইউনিট কমান্ডের আয়োজনে এবং সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সার্বিক সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা নৌ-কমান্ডার বাচ্চু পাটোয়ারী।


মানববন্ধনে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ জেলা কমান্ডের সদস্য সচিব মুজিবুর রহমান, সানাউল্লাহ, আবুল বাশার, আব্দুল হাইসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধারা।
বক্তারা বলেন, একজন বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধা প্রদানের ঘটনা অত্যন্ত দুঃখজনক। মুক্তিযোদ্ধাদের সম্মান ও মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। স্বাধীনতাবিরোধী কর্মকাণ্ড ও মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তাঁরা।
এ সময় বক্তারা বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা প্রদানের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
বিকেল পৌনে ৪টা পর্যন্ত চলা এ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে মুক্তিযোদ্ধা সংসদ এবং মুক্তিযোদ্ধা সন্তান সংসদের নেতাকর্মী ও সদস্যরা উপস্থিত ছিলেন।



























