
ফরিদগঞ্জের উভারামপুরে আগুনে পুড়ে ছাই চার বসতঘর


ফরিদগঞ্জ উপজেলার ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়নের ১নং ওয়ার্ডের উভারামপুর দক্ষিণ পাটওয়ারী বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে চার পরিবারের চারটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ঘরবাড়ি, আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৪০ লাখ টাকা বলে প্রাথমিকভাবে জানা গেছে।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে উভারামপুর দক্ষিণ পাটওয়ারী বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে অটোচালক চান মিয়া, সূর্য মিয়া, দিনমজুর মো. স্বপন ও হাবিবের বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ায় পরিবারের সদস্যরা কোনো মালামাল বের করে আনতে পারেননি বলে জানা গেছে।
ক্ষতিগ্রস্ত অটোচালক চান মিয়া বলেন, ‘শুক্রবার দুপুরে আমরা নামাজ পড়তে যাওয়ার পর কোনো এক সময় বাড়িতে আগুন লাগে। নামাজ শেষে বাড়িতে ফিরে এসে দেখি আমাদের বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। ঘরের আসবাবপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্রসহ সবকিছু পুড়ে গেছে।’


স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনায় আমরা এলাকাবাসী খুবই মর্মাহত। চারটি পরিবারের বসতঘর পুড়ে যাওয়ায় তারা এখন অসহায় অবস্থায় পড়েছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের এগিয়ে আসা প্রয়োজন।’
তিনি আরও বলেন, ‘আমরা এমন একটি এলাকায় বসবাস করি, যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে ফায়ার সার্ভিসের সদস্যদের দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো কঠিন হয়ে পড়ে। এ কারণে প্রত্যন্ত এলাকায় অগ্নিনির্বাপণ ব্যবস্থার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও গুরুত্ব দেওয়া প্রয়োজন।’
ইউপি সদস্য আলমগীর হোসেন বলেন, আগুন লাগার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে ছুটে যান। সেখানে গিয়ে দেখতে পান চার পরিবারের চারটি বসতঘর আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বর্তমানে চরম দুর্ভোগের মধ্যে রয়েছে। তাদের সহায়তায় স্থানীয় প্রশাসনসহ সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
এদিকে, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বৈদ্যুতিক শর্টসার্কিট, রান্নার চুলা কিংবা অন্য কোনো কারণে আগুনের সূত্রপাত হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।




























