
ফরিদগঞ্জে পুড়েছে সাতটি ব্যবসা প্রতিষ্ঠান, রক্ষা পেল শতাধিক


চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গৃদকালিন্দিয়া কাঁচা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। এর মধ্যে চারটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত এবং তিনটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
তবে ফায়ার সার্ভিস ও স্থানীয় এলাকাবাসীর যৌথ প্রচেষ্টায় বাজারের আরও শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে।
ফায়ার সার্ভিস ও ব্যবসায়ীরা জানান, বাজারের হঠাৎ একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তেই তা চারদিকে ছড়িয়ে পড়ে। পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে একটি ওষুধের ফার্মেসি, একটি জুতার দোকান এবং কয়েকটি মুদি দোকান রয়েছে।


ঘটনার সত্যতা নিশ্চিত করে ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো. রবিউল আলম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক ধারণা অনুযায়ী, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত হয়েছে।



























