
রাজারগাঁও বাজারে ড্রেনেজ ব্যবস্থা নেই, সামান্য বৃষ্টিতেই হাঁটু পানি, চরম ভোগান্তি


চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়নের ঐতিহ্যবাহী রাজারগাঁও বাজার উপজেলার দ্বিতীয় সর্ববৃহৎ ও ব্যবসায়িক দিক থেকে প্রসিদ্ধ একটি বাজার। প্রতিদিন হাজারো ক্রেতা-বিক্রেতার সমাগম ঘটে এ বাজারে। কিন্তু ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই হাঁটু পানি জমে চরম জনদুর্ভোগের সৃষ্টি হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, সপ্তাহে শনিবার ও বুধবার হাটবার ছাড়াও প্রতিদিনই হাজীগঞ্জ উপজেলা ছাড়াও পাশ্ববর্তী মতলব উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজারো মানুষ বাজারে আসেন। অথচ ড্রেনেজ ব্যবস্থা না রেখেই অপরিকল্পিতভাবে বাজারের প্রধান সড়ক ও ভেতরের গলির রাস্তা পাকাকরণ করা হয়েছে। ফলে সামান্য বৃষ্টি হলেই রাস্তার ওপর পানি জমে হাঁটু পানিতে রূপ নেয়। এতে বাজারের ক্রেতা-বিক্রেতা, বিভিন্ন পেশার মানুষ এবং আশপাশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের যাতায়াতে চরম অসুবিধা হচ্ছে।
বাজারের ব্যবসায়ীরা জানান, আগে বাজারের পূর্ব থেকে পশ্চিম বাজার এবং পশ্চিম বাজার ব্রিজ থেকে উত্তর বাজার কামারপট্টি পর্যন্ত প্রধান সড়কের পাশ দিয়ে ড্রেন ছিল। কিন্তু ৪/৫ বছর আগে নতুন করে সড়ক পাকাকরণের সময় পূর্বের ড্রেন বন্ধ করে দেওয়া হয়। ড্রেন না রেখেই অপরিকল্পিতভাবে সড়ক পাকাকরণ করায় এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।


ব্যবসায়ীরা আরও বলেন, ভালোর জন্য সড়ক পাকাকরণ করা হলেও এখন সমস্যা আরও বেড়েছে। সামান্য বৃষ্টিতেই প্রধান সড়ক ও বাজারের ভেতরের গলিতে পানি জমে যাওয়ায় ক্রেতা-বিক্রেতা শূন্যের কোঠায় নেমে আসে। এতে ব্যবসায়ে বড় ধরনের ক্ষতি হচ্ছে।
এ বিষয়ে রাজারগাঁও ইউপি চেয়ারম্যান মোঃ মফিজুর রহমান বলেন, “তৎকালীন সময়ে ড্রেনেজ ব্যবস্থা না রেখে অপরিকল্পিতভাবে সড়কটি পাকাকরণ করা হয়েছে। এতে বাজারে আসা সাধারণ ক্রেতা ও যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে। বাজারের ব্যবসায়ীদের সাথে পরামর্শ করে দ্রুত বিকল্প ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হবে।”

























