মাননীয় নয়, শুধু ‘প্রধানমন্ত্রী’: নিজের দপ্তরেই নিয়ম চালু করলেন তারেক রহমান

অনলাইন ডেস্ক
আপডেটঃ সেপ্টেম্বর ১০, ২০২৬ | ৭:২০
Link Copied Successfully!

প্রধানমন্ত্রী শব্দের আগে ‘মাননীয়’ বা অন্য কোনো সম্মানসূচক শব্দ ব্যবহার না করার সরকারি সিদ্ধান্ত নিজের কার্যালয় থেকেই কার্যকর করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দাপ্তরিক শৃঙ্খলার অংশ হিসেবে ডিজিটাল হাজিরাও দিচ্ছেন তিনি।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফাইল, নথি ও অন্যান্য দাপ্তরিক কার্যক্রমে পদবির আগে ‘মাননীয়’ শব্দ ব্যবহার না করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রধানমন্ত্রী সকালে সচিবালয়ে নিজ কার্যালয়ে অফিস করেন। কার্যালয়ে প্রবেশের আগে তিনি ডিজিটাল হাজিরা দিয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।

বিজ্ঞাপন

এর আগে বুধবার (৯ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এক পরিপত্রে বলা হয়, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর সঙ্গে সরকারি যোগাযোগ, নথিপত্র এবং সারসংক্ষেপ উপস্থাপনের ক্ষেত্রে তাদের পদবির আগে ‘মহামান্য’, ‘মাননীয়’ কিংবা অন্য কোনো সম্মানসূচক শব্দ লিখিতভাবে ব্যবহার করা যাবে না।

মন্ত্রিপরিষদ বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সরকারের সর্বোচ্চ পর্যায়ের এই সিদ্ধান্ত শুধু পরিপত্রে সীমাবদ্ধ রাখা হয়নি। প্রধানমন্ত্রীর কার্যালয়েও তা বাস্তবায়ন শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপিত ফাইল ও সরকারি নথিতে ‘মাননীয় প্রধানমন্ত্রী’ না লিখে শুধু ‘প্রধানমন্ত্রী’ লেখার নির্দেশ দেওয়া হয়েছে।

ওই কর্মকর্তা আরও জানান, ‘মাননীয়’ শব্দ বাদ দেওয়ার সিদ্ধান্তকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ধারাবাহিক কিছু উদ্যোগের অংশ হিসেবে দেখা হচ্ছে। পদমর্যাদার সঙ্গে আনুষ্ঠানিক বিশেষণ ব্যবহারের পরিবর্তে দায়িত্ব, জনসেবা এবং জনগণের প্রতি দায়বদ্ধতাকে গুরুত্ব দেওয়ার বার্তা এতে রয়েছে।

বিজ্ঞাপন

এর পাশাপাশি দাপ্তরিক শৃঙ্খলা নিশ্চিত করতে চালু করা হয়েছে ডিজিটাল হাজিরা ব্যবস্থা। কার্যালয়ে প্রবেশের সময় অন্যান্য কর্মকর্তা-কর্মচারীর মতো প্রধানমন্ত্রীও নিয়মিত অনলাইন হাজিরা দিচ্ছেন। দিনের কাজ শেষে কার্যালয় ত্যাগের সময়ও নির্ধারিত নিয়মে হাজিরা দেওয়ার ব্যবস্থা রয়েছে।

সরকারপ্রধান নিজেই সাধারণ দাপ্তরিক নিয়ম অনুসরণ করায় প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদেরও একইভাবে নিয়ম মেনে চলার বার্তা দেওয়া হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রধানমন্ত্রীর কার্যালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের একাধিক কর্মকর্তা জানান, সময়ানুবর্তিতা, জবাবদিহি ও প্রশাসনিক শৃঙ্খলা প্রতিষ্ঠার বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবেই এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে। রাষ্ট্র পরিচালনার সর্বোচ্চ পর্যায়ে থাকা ব্যক্তি যখন সাধারণ দাপ্তরিক নিয়ম মেনে চলেন, তখন প্রশাসনের অন্যদের কাছেও একই নিয়ম অনুসরণের প্রত্যাশা আরও স্পষ্ট হয়।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর রাষ্ট্রীয় কাজে ব্যক্তিকেন্দ্রিকতা ও অপ্রয়োজনীয় আড়ম্বর কমাতেও একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। সরকারি কার্যক্রম ও প্রচারণায় প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার না করা, প্রধানমন্ত্রীর প্রটোকলে গাড়ির সংখ্যা কমিয়ে আনা এবং তার চলাচলের সময় সাধারণ মানুষের জন্য ট্রাফিক সিগন্যাল বন্ধ না রাখার মতো উদ্যোগ এরই মধ্যে নেওয়া হয়েছে।

রাষ্ট্রীয় অনুষ্ঠান ছাড়া দেশে ও দেশের বাইরে প্রধানমন্ত্রী পতাকাবাহী গাড়ি ব্যবহার করছেন না বলেও জানানো হয়েছে। এসব পদক্ষেপের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এমন একটি বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিও বিশেষ সম্বোধন বা বিশেষ সুবিধার বাইরে থেকে নিয়ম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থার মধ্যেই দায়িত্ব পালন করবেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
আজ শাশুড়ি দিবস টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত আজ জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রতিকূলতা পেরিয়ে ‘উড়াধুড়া’ খ্যাত অন্তরার সাফল্য, গর্বিত শাহরাস্তিবাসী সাংবাদিক শফিকুর রহমান মারা গেছেন সন্ধ্যার পরেই জেলেদের দখলে মেঘনা নদী : দিনে প্রকাশ্যে মা ইলিশ বিক্রি মতলব উত্তরে ঋণের টাকা নিয়ে বিরোধ, ভাবিকে চুলের মুঠি ধরে মারধরের ভিডিও ভাইরাল উপাদী উত্তর ইউনিয়ন যুবদল নেতা হিরনের শিশু পুত্রের কুলখানি চাঁদপুরে বাগাদী গ্রামীণ ব্যাংকে দুর্বৃত্তদের আগুন, দুই লক্ষ টাকার আসবাবপত্র পুড়ে ছাই হাজীগঞ্জ পৌরসভা ও ১০ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ অভিযান মতলব উত্তরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৪ হাজীগঞ্জে ১০ নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী শাহিদুল ইসলামের কুশল বিনিময় হাজীগঞ্জ ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন শ্রমিকদলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে মতলব সূর্য তরুণ স্পোর্টিং ক্লাবের সভাপতি ফয়সাল সরকার সম্পাদক সারোয়ার ফরাজি মতলব ক্রিকেট একাডেমীর সভাপতি টিটু, সম্পাদক জুয়েল জর্ডানে গির্জায় অন্ত্যেষ্টিক্রিয়ার সময় গুলিতে নিহত ৭ হাজীগঞ্জে বিপুল পরিমান নিষিদ্ধ জাল ও দাহ্যবস্তু জব্দ টামটা উত্তরে মেম্বার পদপ্রার্থী শরীফ উদ্দিনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল হাজীগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানের দাফন সম্পন্ন