
চাঁদপুরে পিবিআই এর তৎপরতায় অপহৃত শিশু ফাতেমা উদ্ধার


চাঁদপুরে টিম পিবিআই এর তৎপরতায় অপহৃত ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ফাতেমা আক্তারকে (১৪) উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার পিবিআই চাঁদপুর জেলার পুলিশ সুপারের দিকনির্দেশনায় মামলাটির তদন্তকারী কর্মকর্তা পিবিআই পুলিশ পরিদর্শক মীর মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পিবিআই সূত্র মতে, গেল ২৪ সেপ্টেম্বর সকালে ফরিদগঞ্জ থানাধীন গোয়ালভাওর এলাকা হতে আসামীরা ফাতেমাকে অপহরণ করে।
পরে চাঁদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে সিআর ৩৫২/২৩ মামলা অনুযায়ী শিশুটিকে উদ্ধারে তৎপরতা চালায় পিবিআই।
এ মামলার আসামীরা চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার গোবিন্দপুর গ্রামের রাকিব (২১), ইমন (২৪), সুফিয়ান মিজি (৪৫), আরিফ (২৩)ও সবু খাতুন (৪০)।
পিবিআই সূত্রে আরও জানা যায়, তথ্য প্রযুক্তির সহায়তায় ফরিদগঞ্জ থানার গোবিন্দপুর এলাকা হতে শিশু ফাতেমাকে উদ্ধার করা হয় এবং মেডিকেল পরীক্ষা শেষে ভিকটিমের জবানবন্দি নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারা মোতাবেক গ্রহনের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
এসব তথ্য নিশ্চিত করে পিবিআই চাঁদপুরের পিবিআই উপ-পুলিশ পরিদর্শক মীর মাহবুবুর রহমান পপুলার বিডিনিউজকে বলেন, আমরা ১২ আগস্ট শুক্রবার ফাতেমা আক্তারকে উদ্ধার করতে সক্ষম হই এবং ২২ ধারা জবানবন্দি গ্রহণপূর্বক আইনানুগত অভিভাবক তার পিতার জিম্মায় প্রদান করি। বর্তমানে মামলার তদন্ত অব্যাহত আছে।










