
মতলব উত্তরে কাউছারের বিরুদ্ধে একের পর এক মামলা দিয়ে হয়রানির অভিযোগ, মানববন্ধন


চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের মৌটুপী ভূঁইয়া বাড়িতে একের পর এক মামলা দিয়ে এলাকাবাসীকে হয়রানির অভিযোগ উঠেছে কাউছার নামে এক ব্যক্তির বিরুদ্ধে। মিথ্যা মামলা, হুমকি-ধমকি ও বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয় বাসিন্দারা। এ সময় কাউছারের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে মৌটুপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঈদগাহ মাঠে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ভুক্তভোগী পরিবারের সদস্যসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীদের অভিযোগ, কাউছার এর আগে এলাকাবাসীর বিরুদ্ধে তিনটি মামলা করেছেন। সর্বশেষ গত ১৪ নভেম্বর আরও একটি মামলা দায়ের করেন। তাদের দাবি, এসব মামলার মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে। সর্বশেষ মামলার ঘটনায় পুলিশ এক ব্যক্তিকে আটক করতে গেলে স্থানীয় নারীরা ও এলাকাবাসী বাধা দেন বলে জানান তারা।


ভুক্তভোগী আনোয়ার হোসেন ভূঁইয়া অভিযোগ করেন, কোনো ঘটনা না ঘটলেও নতুন করে মামলা দায়ের করা হয়েছে। মামলায় ৩২৬ ও ৩০৭ ধারার মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে বলেও তিনি দাবি করেন। তার ভাষ্য, মামলার বিষয়ে এলাকার অনেকেই কিছু জানেন না। এ ধরনের মামলার কারণে পরিবারগুলো আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে।
এ সময় সনিয়া বেগম, ফারজানা বেগম ও মনিরা বেগমসহ কয়েকজন নারী কাউছারের বিরুদ্ধে মাদক ব্যবসা, বাড়িতে অপরিচিত লোকজনের আনাগোনা, নারীদের নিয়ে অসামাজিক কর্মকাণ্ড এবং হুমকি-ধমকির অভিযোগ করেন। তাদের দাবি, এসব কারণে তারা নিজ বাড়িতেও স্বাভাবিকভাবে বসবাস করতে পারছেন না। রাতের বেলায় ককটেল বিস্ফোরণ ও ধারালো অস্ত্র নিয়ে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও করেন তারা। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান নারীরা।
অন্যদিকে, মামলার এক নং সাক্ষী জিসান ভূঁইয়া ও তিন নং সাক্ষী মো. আবু কাউছার ভূঁইয়া বলেন, মারামারির কোনো ঘটনা ঘটেছে কি না, তা আমরা জানি না। আমাদের না জানিয়ে মামলায় সাক্ষী করা হয়েছে। এ বিষয়ে তারা কিছুই জানেন না বলে দাবি করেন।
তবে এসব অভিযোগ অস্বীকার করে মামলার বাদী মো. কাউছার বলেন, তাকে একা পেয়ে কয়েকজন মারধর করেছেন। এতে তার মাথায় চারটি সেলাই দিতে হয়েছে। হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর তিনি থানায় মামলা করেছেন। মামলাটি তদন্ত করে সুষ্ঠু বিচার নিশ্চিত করতে প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন।



























