
দগ্ধ জুলাই ভাস্কর্য পরিদর্শনে এনসিপি নেতৃবৃন্দ, সংস্কার না করায় ক্ষোভ


চাঁদপুর শহরের দগ্ধ জুলাই ভাস্কর্য পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতৃবৃন্দ। বুধবার ভাস্কর্যটি পরিদর্শনকালে এর পারিপার্শ্বিক পরিবেশ দেখে ক্ষোভ প্রকাশ করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন জেলা এনসিপির আহ্বায়ক মাহবুব আলম, যুগ্ম সদস্য সচিব মো. কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মোয়াজ্জেম হোসেন, পৌর সদস্য সচিব প্রকৌশলী মশিউর রহমান খোকন, পৌর ১০ নম্বর ওয়ার্ড আহ্বায়ক জহির হোসেন, যুব শক্তির আহ্বায়ক রাসেল মাহমুদ, সদস্য সচিব সাইফুর রহমান গাজী, সদস্য রিফাত আহমদ চৌধুরী, জুলাইয়ের নারী যোদ্ধা তানজিনা আক্তার, ছাত্র শক্তির কামরুল ইসলাম, সাদিদ রহমান, জি এম রাশেদসহ অন্যান্য নেতাকর্মীরা।
পরিদর্শনকালে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন সম্ভাব্য পৌর মেয়র প্রার্থী খান মুহাম্মদ নিয়াজ মোর্শেদ।


বক্তারা বলেন, জুলাই ভাস্কর্যে পেট্রোল দিয়ে আগুন জ্বালানো নাশকতাকারীদের এখনো আইনের আওতায় আনতে পারেনি প্রশাসন। অগ্নিসংযোগের ২০ দিন পার হলেও এখন পর্যন্ত কর্তৃপক্ষ ভাস্কর্যটির সংস্কারের কোনো উদ্যোগ গ্রহণ করেনি।
তারা আরও বলেন, ভাস্কর্যটি অযত্ন-অবহেলায় পড়ে আছে। প্রবেশপথের রাস্তার ইট উঠে যাচ্ছে, রাতে বাতি জ্বালানো হয় না, চারপাশে অপরিষ্কার-অপরিচ্ছন্ন পরিবেশ বিরাজ করছে।
ভাস্কর্যটিতে জুলাই আন্দোলনের সময়কার স্লোগান এবং প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে বলে জানান নেতৃবৃন্দ।
এসময় নেতৃবৃন্দ প্রশাসনের প্রতি অনতিবিলম্বে ভাস্কর্যের সংস্কার এবং পারিপার্শ্বিক পরিবেশ যথাযথভাবে সংরক্ষণের আহ্বান জানান।


























