
ফরিদগঞ্জে পূবালী ব্যাংকের ২৯১তম উপশাখার শুভ উদ্বোধন


ফরিদগঞ্জ উপজেলার ব্যবসায়িক প্রাণকেন্দ্র চান্দ্রা বাজারে পূবালী ব্যাংক পিএলসির ২৯১তম উপশাখার শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে এক আনন্দ র্যালির মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। র্যালিটি চান্দ্রা বাজারের গুরুত্বপূর্ণ সড়ক ও স্থান প্রদক্ষিণ করে পুনরায় অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়।
পরে চাঁদপুর নতুন বাজার শাখার ব্যবস্থাপক রাসেল আহম্মেদের সভাপতিত্বে ও চান্দ্রা উপশাখার ব্যবস্থাপক কামরুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পূবালী ব্যাংক পিএলসির কুমিল্লা অঞ্চল প্রধান ও উপ-ব্যবস্থাপক মো. মাঈনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক ধূর্জটী প্রসাদ ভট্টাচার্য।


প্রধান অতিথির বক্তব্যে মো. মাঈনুল ইসলাম বলেন, ব্যাংকিং সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে পূবালী ব্যাংক নিরলসভাবে কাজ করে যাচ্ছে। চান্দ্রা বাজারে ২৯১তম উপশাখার উদ্বোধনের মাধ্যমে এ অঞ্চলের ব্যবসায়ী, চাকরিজীবী ও সাধারণ মানুষ আরও সহজে আধুনিক ব্যাংকিং সেবা গ্রহণের সুযোগ পাবেন।
তিনি আরও বলেন, গ্রাহকদের আস্থা ও বিশ্বাসই একটি ব্যাংকের সবচেয়ে বড় শক্তি। সততা, স্বচ্ছতা ও গ্রাহকসেবার মান বজায় রেখে পূবালী ব্যাংক পিএলসি সামনের দিকে এগিয়ে যেতে বদ্ধপরিকর। নতুন এই উপশাখার মাধ্যমে স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে আমরা আশাবাদী।
অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পরে দোয়া ও মোনাজাত এর মাধ্যমে বাজার ব্যবসায়ী,এলাকার গণ্যমান্য ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।



























