
যারা সারের সংকট তৈরি করছে, পুলিশ তাদের খুঁজছে: কৃষিমন্ত্রী


সারের দাম বৃদ্ধির অভিযোগ সত্য নয় উল্লেখ করে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, সারের কৃত্রিম সংকট তৈরির পেছনে একটি চক্র কারসাজি করছে।
তিনি বলেন, দেশে বর্তমানে চাহিদার চেয়েও বেশি অর্থাৎ চার-পাঁচ মাসের সার মজুত রয়েছে। যারা এই কৃত্রিম সংকট তৈরি করছে, পুলিশ তাদের খুঁজছে এবং খুব শিগগিরই এ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা মহানগর বিএনপি আয়োজিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।


কৃষিমন্ত্রী বলেন, একটি গোষ্ঠী পরিকল্পনা করে চাল ও তুষের গুদামে অবৈধভাবে সার মজুত রেখে সংকট দেখানোর চেষ্টা করছে।
কৃষি খাতের অগ্রগতি নিয়ে মন্ত্রী জানান, আগামী তিন বছরের মধ্যে বাংলাদেশ আমদানিমুখী মসলা চাষে স্বনির্ভর হবে। এ বছর কোনো পেঁয়াজ আমদানি করতে হয়নি এবং আগামীতে তা রপ্তানির আশা প্রকাশ করেন তিনি। এ ছাড়া পেঁয়াজ, মরিচ ও টমেটো আমদানি নির্ভরতা কমাতে সরকার কাজ করছে। বর্ষা মৌসুমে সবজির উৎপাদন খরচ বাড়ায় এ সময় কৃষকদের প্রণোদনা দেওয়ার চেষ্টা চলছে বলেও জানান তিনি।
আলোচনা সভায় দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, মুখের কথা, অন্তরের চিন্তা ও কাজকে এক করে জনগণের ভালোবাসার জন্য রাজনীতি করতে হবে।
কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবুর সভাপতিত্বে এবং কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক হাজী মোস্তাক মিয়া ও মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজিউর রহমান রাজিব।



























