
চাঁদপুর-৫ আসনে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা, দিচ্ছেন নানান প্রতিশ্রুতি
Link Copied Successfully!

যতই দিন গড়াচ্ছে ততই ঘনিয়ে আসছে ভোট। এরই মধ্যে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। চাঁদপুর-৫ আসনের (হাজীগঞ্জ-শাহরাস্তির) এই দু’ই উপজেলা জুড়ে নির্বাচনি পোস্টারে ছেয়ে গেছে। চলছে মিছিল-মিটিং ও পথসভা। ভোটারদের মাঝে বিতরণ করা হচ্ছে লিফলেট। অনলাইনেও চলছে ভোটের প্রচার। প্রার্থীদের পক্ষে তাদের অনুসারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভোট চাচ্ছেন। প্রার্থী ছাড়াও ভোটের মাঠ সরগরম রেখেছেন তাদের নেতাকর্মীরা। ছুটছেন ভোটারদের কাছে, চাইছেন ভোট। সুখে-দুঃখে পাশে থাকার বার্তা দিয়ে নিজ প্রতীকে চাইছেন ভোট।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যত ঘনিয়ে আসছে প্রার্থীদের দৌড়ঝাঁপ ততই বেড়ে চলছে। ভোট চেয়ে এলাকার উন্নয়নে দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলা’কে মডেল উপজেলা হিসেবে রূপান্তরিত করতে কাজ করার প্রত্যাশাও ব্যক্ত করতে দেখা গেছে প্রার্থীদের। নির্বাচনের দিন কেন্দ্রে গিয়ে ভোটারদের ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন প্রার্থীরা। আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের পাশাপশি নৌকাবঞ্চিত স্বতন্ত্র প্রার্থীরাও ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন। প্রচারণায় পিছিয়ে নেই তারাও। নৌকার সঙ্গে টেক্কা দিয়ে ভোট প্রচার করছেন স্বতন্ত্র এমপি প্রার্থীরা। স্বতন্ত্র বনাম নৌকা প্রার্থীদের ভোটযুদ্ধে জমে উঠেছে প্রচারণা।
এ আসনে পাঁচ জন প্রার্থী নির্বাচনে অংশ নেন। এর মধ্যে নৌকা প্রতীকে মনোনীত হয়ে নির্বাচন করছেন সাবেক সরাষ্ট্রমন্ত্রী মেজর(অব:)রফিকুল ইসলাম বীরউত্তম, সতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকে ভোট মাঠে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের তিন বারের সাধারণ সম্পাদক গাজী মাঈনুদ্দিন, ট্রাক প্রতীকে ভোট মাঠে রয়েছেন আওয়ামী লীগ নেতা শফিকুল আলম ফিরোজ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চেয়ারম্যান সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী চেয়ার প্রতীকে নির্বাচন করছেন। এর মধ্যে চার প্রার্থী’র প্রচার প্রচারণা আর পথসভায় থাকলেও ভোটের মাঠে দেখা মিলে নি বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের ছড়ই প্রতিকের প্রার্থী আক্তার হোসেনের ব্যানার লিফলেট কিংবা কোনধরনের পথসভায়।








