
কুমিল্লায় চাঁদপুরের দুইজন’সহ গ্রেফতার তিন


পৃথক দুইটি অভিযানে র্যাব-১১ কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানা এলাকা থেকে ৪২ কেজি গাঁজা’সহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে কুমিল্লা র্যাব-১১। ওই সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি সিএনজিও জব্দ করে র্যাব।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ এর একটি আভিযানিক দল ৫ই নভেম্বর রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন লালমাই বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে লক্ষীপুর জেলার লক্ষীপুর সদর থানার পশ্চিম লক্ষীপুর গ্রামের মৃত তোফায়েল আহম্মদের মেয়ে নাজমা (৪১) কে ১২ কেজি গাঁজা’সহ গ্রেফতার করে।
একই রাতে অন্য আরেকটি অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ এর একটি আভিযানিক দল কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন দুর্গাপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ৩০ কেজি গাঁজা’সহ চাঁদপুরের মতলব দক্ষিণ থানার বহরী
গ্রামের বাচ্চু মিয়ার ছেলে মোঃ রাসেল (৩২), এবং চাঁদপুর সদর থানার শ্রীরামদী গ্রামের মৃত শুক্কুর আলী মোল্লার ছেলে কাওসার মোল্লা (২৭) কে আটক করে র্যাব। ওই সময়
মাদক পরিবহণের কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করে র্যাব।


র্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।








