
মতলবে উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র, দেড় মাস পর মিলল সন্ধান


মতলব থেকে হারিয়ে যাওয়া ১০ বছরের শিশু সাফায়েত ইসলামকে উদ্ধার করেছে মতলব উত্তর থানা পুলিশ। নিখোঁজের প্রায় দেড় মাস পর আজ বুধবার (২১ অক্টোবর) বিকেলে মতলব উত্তর উপজেলার ষাটনল লঞ্চঘাট এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া সাফায়েত মতলব দক্ষিণ উপজেলার ধনার পাড়া এলাকার সাবের ইসলামের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ সেপ্টেম্বর সকালে ধনার পাড়ার বাড়ি থেকে শিশু সাফায়েত নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে গত ৮ সেপ্টেম্বর মতলব দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৩৭০) করেন তার বাবা সাবের ইসলাম। ঘটনাটির গুরুত্ব বিবেচনা করে চাঁদপুর জেলার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান এবং সংশ্লিষ্ট সার্কেল অফিসার জাবীর হুসনাইন সানীবের
দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও থানার একাধিক টিম উদ্ধারে মাঠে নামে। ধারাবাহিক নজরদারির একপর্যায়ে আজ বিকেলে ষাটনল লঞ্চঘাট থেকে তাকে উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।


প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশ জানায়, পরিবারের ওপর অভিমান করে শিশুটি প্রথমে বাড়ি থেকে একাই ঢাকায় চলে যায়। পরবর্তীতে ঢাকায় এক ব্যক্তি তাকে কাজ দেওয়ার কথা বলে লঞ্চে করে চট্টগ্রামে নিয়ে যায়। চট্টগ্রামে কিছুদিন কাজ করার পর সেখান থেকে পালিয়ে ট্রেনে চেপে আবার ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে ফিরে আসে সাফায়েত। এরপর ঢাকা থেকে নারায়ণগঞ্জ হয়ে লঞ্চযোগে ষাটনল ঘাটে পৌঁছালে টহলরত পুলিশ তাকে দেখে উদ্ধার করে।
এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মানস বড়ুয়া বলেন, উদ্ধারকৃত শিশুটিকে নিরাপদে তার পরিবারের নিকট হস্তান্তর করার পদক্ষেপ নেওয়া হচ্ছে। একই সাথে ঘটনাটির বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


























