
মায়ের পরকীয়াবলি ছেলে আরিফ হত্যার মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামী গ্রেফতার


চাঁদপুরের হাইমচরে ২০১৫ সালে পরকীয়ার জেরে নিজ ছেলেকে হত্যার অভিযোগে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামীকে মুন্সিগঞ্জের মাওয়া ও নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-১১।
গেল ২৩ আগস্ট চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত হত্যায় জড়িত ৪ জনকে দন্ডাদেশ প্রদান করে। এরই ধারাবাহিকতায় র্যাব-১১ এর অভিযানে ৩১ আগস্ট মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানাধীন মাওয়া এলাকা হতে মোঃ ইউসুফ মোল্লা (৩৬) এবং ১ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন কাঁচপুর এলাকা হতে মোঃ মাহবুব মোল্লা (৩৮) কে গ্রেফতার করতে সক্ষম হয়।


গ্রেফতারকৃত আসামীরা ফরিদগঞ্জ থানার রামপুর বাজারের ২ নং ওয়ার্ডের উত্তর বিষকাটালি গ্রামের হোসেন মোল্লার ছেলে মোঃ ইউসুফ মোল্লা (৩৬) এবং একই গ্রামের বিল্লাল মোল্লার ছেলে মোঃ মাহবুব মোল্লা (৩৮) ।
মামলার বিবরণ থেকে জানা গেছে, হত্যার শিকার আরিফ হোসেন, তার মা খুকি বেগমের সাথে আসামি জয়নাল গাজীর পরকীয়া সম্পর্কের কথা জানতেন। পরকীয়া প্রেমিক জয়নাল গাজী ও সহযোগীদের দিয়ে ছেলে আরিফকে ঘুমন্ত অবস্থায় হকিস্টিক দিয়ে পিটিয়ে, দা দিয়ে কুপিয়ে এবং ব্লেড দিয়ে আঘাত করে ঘরের মেঝেতে ফেলে চলে যায়। এ ঘটনায় আসমা তার শাশুড়ি খুকি বেগমসহ অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হাইমচর থানায় হত্যা মামলা দায়ের করেন। চাঁদপুর বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত আসামীদের যাবজ্জীবন কারাদন্ড প্রদান করে। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরো ছয় মাসের কারাদন্ড দেওয়া হয়।
র্যাব-১১ এর সিনিয়র এএসপি মোঃ রিজওয়ান সাঈদ জিকু জানান, গ্রেফতারকৃত আসামীদের ফরিদগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এই নির্মম হত্যাকান্ডে আসামীদের মধ্যে ফাঁসির দন্ডপ্রাপ্ত আরো দুই জন আসামী এখনো পলাতক আছেন। পলাতক আসামীদের গ্রেফতারে র্যাব-১১ এর অভিযান অব্যাহত রয়েছে।








