
চাঁদপুরে জমি নিয়ে বিরোধে ছোট ভাই ও তার স্ত্রীর ধাক্কায় বড় ভাইয়ের মৃত্যুর অভিযোগ


চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নে জমি-সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাই ও তার স্ত্রীর ধাক্কায় শাহাজাহান পাটোয়ারী (৬০) নামের এক দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইয়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। সোমবার (২ নভেম্বর) সন্ধ্যার দিকে বাগাদী চৌরাস্তা এলাকার পাটোয়ারী বাড়ি ও গাছতলা পাটোয়ারী বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত শাহাজাহান পাটোয়ারী মৃত বজল গনি পাটোয়ারীর ছেলে। অভিযুক্ত ছোট ভাই শাহ আলম পাটোয়ারী ও তার স্ত্রী হাসিনা বেগম (৪০) ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন।
নিহতের স্ত্রী ও মেয়েদের দাবি, অতীতে ছোট ভাই শাহ আলমকে বিদেশ যাওয়ার ব্যবস্থা করে দিয়েছিলেন বড় ভাই শাহাজাহান পাটোয়ারী। কিন্তু তিনি দেশে ফিরে আসার পর থেকেই পৈতৃক সম্পত্তির ভাগবাটোয়ারা ও জায়গা-জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।


এরই ধারাবাহিকতায় সোমবার সন্ধ্যার ঠিক আগে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ছোট ভাই শাহ আলম পাটোয়ারী ও তার স্ত্রী হাসিনা বেগম মিলে বসতঘরের সামনে বড় ভাই শাহাজাহান পাটোয়ারীকে মারধর ও ধাক্কা দেন। অভিযোগ রয়েছে, ধাক্কা খেয়ে তিনি ঘর থেকে বাইরে পড়ে যান এবং বাঁশের কঞ্চির ওপর পড়ার পর ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। চাঁদপুর সদর মডেল থানার পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে প্রয়োজনীয় আইনি কার্যক্রম সম্পন্ন করা হয়েছে এবং মরদেহ বর্তমানে থানায় রয়েছে।
বাবাকে হারিয়ে নিহতের পরিবারের সদস্যরা শোকে ভেঙে পড়েছেন। এ ঘটনায় নিহতের মেয়েরা তাদের চাচা ও চাচির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
পুলিশ আরও জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি, তবে অভিযুক্তদের ধরতে চেষ্টা চলছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। শাহাজাহান পাটোয়ারীর মৃত্যুর প্রকৃত কারণ ও অভিযুক্তদের সম্পৃক্ততার বিষয়টি পুলিশি তদন্ত এবং ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর নিশ্চিতভাবে বলা যাবে।


























