
কচুয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু


চাঁদপুরের কচুয়ায় পুকুরের পানিতে ডুবে সাদিয়া (১০) ও সামিরা (৮) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১৮ অক্টোবর) দুপুর দেড়টার দিকে উপজেলার উত্তর কচুয়া ইউনিয়নের উজানী গ্রামের সিকদার বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুই শিশুর পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে।
নিহত সাদিয়া উজানী গ্রামের রহিম হোসেনের মেয়ে। অপর শিশু সামিরা চট্টগ্রাম থেকে পূজার ছুটিতে দাদার বাড়িতে বেড়াতে এসেছিল। সে বিল্লাল হোসেনের মেয়ে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রোববার দুপুর ১টার দিকে শিশু দুটি বাড়ির উঠানে খেলাধুলা করছিল। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে তারা বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর শিশু দুটিকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরের পানিতে তাদের ভাসতে দেখে স্বজনরা দ্রুত উদ্ধার করেন।


এরপর শিশু দুটিকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. জহিরুল ইসলাম তাদের মৃত ঘোষণা করেন।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম আকাশ জানান, পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


























