
মতলবে ধান ক্ষেতে ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু


চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ধানক্ষেতে ইদুর মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎপৃষ্ট কৃষক শরিফ মিয়ার মৃত্যু হয়েছে । ঘটনাটি শুক্রবার দুপুরে মতলব দক্ষিণ উপজেলার নারায়নপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, একই গ্রামের মিজান মুন্সি তার ধানের জমিতে ইঁদুর মারার জন্য বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখেন। শ্যালো মেশিন দিয়ে মিজান মুন্সির ধান ক্ষেতে পানি দিতে গেলে শরীফ বিদ্যুৎপৃষ্ট হয়।
এ সময় স্থানীয় কৃষকরা তাকে উদ্ধার করে মতলব সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শরীফের পিতা আলী আরশাদ বলেন, মিজানের ধান ক্ষেতে শ্যালো মেশিন দিয়ে পানি দেয়ার জন্য আমার ছেলে শরীফের সাথে চুক্তি হয়। শ্যালো মেশিন নিয়ে পানি দিতে গেলে বিদ্যুৎপৃষ্ট হয়ে পড়ে যায় শরীফ।
সাত মাস আগে শরীফ বিয়ে করেন।
এ ব্যাপারে মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সালেহ আহাম্মেদ জানান, মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।




























