
হাজীগঞ্জে স্কুল থেকে ফেরার পথে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীকে অপহরণ
Link Copied Successfully!

হাজীগঞ্জ উপজেলায় স্কুল থেকে বাড়ী ফেরার পথে ইসরাত জাহান (১৬) নামের সপ্তম শ্রেণীর এক স্কুল শিক্ষার্থীকে জোরপূর্বক অপহরণ করার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর ইউনিয়নের হরিপুর- জগন্নাথপুর সড়কের মজুমদার বাড়ির সামনে এ অপহরণের ঘটনা ঘটে।
অপহরণ হওয়া শিক্ষার্থী জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী।
অপহরণ হওয়া শিক্ষার্থীর সাথে থাকা মুক্তা আক্তার জানান, দুপুরে স্কুল ছুটি দেয়ার পর দুইজন বাড়ি ফিরছিলো। হঠাৎ করে মজুমদার বাড়ির সামনে গেলে সাব্বির ও রনি জোরপূর্বক ইসরাতকে সিএনজিতে তোলে নেয়। সড়কের আশেপাশে কোনো মানুষ না থাকায় তাদের আটকানো যায়নি ।
শিক্ষার্থীর মা রুজিনা বেগম জানান, স্বামীর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া গ্রামে। গেলো ৮ বছর ধরে বাবার বাড়িতে থাকেন। স্কুল থেকে বাড়ি ফেরার পথে আমার মেয়েকে তুলে নিয়ে গেছে। আমি আমার মেয়েকে ফেরত চাই।
হাজীগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক খুরশীদ আলম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, অপহরণকারীরা এক বছর ধরে সাব-কন্ট্রাক্টর আব্দুল বাতেনের অধীনে হরিপুর সড়কের কাজ করত। তারা চাঁদপুর সদর উপজেলার মহামায়া গ্রামের সাব্বির (২৩) ও রনি (২১)। তাদের অবস্থান নিশ্চিত করে দ্রুত স্কুল শিক্ষার্থীকে উদ্ধারের চেষ্টা চলছে।








