
সাতক্ষীরায় মোটরসাইকেল দুর্ঘটনায় হাফেজ নিহত


সাতক্ষীরা সদর উপজেলায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে শেখ জুবায়ের হোসেন (১৮) নামের কোরআনের এক হাফেজ নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা-খুলনা আঞ্চলিক মহাসড়কের বিনেরপোতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শেখ জুবায়ের সাতক্ষীরা শহরের পূর্ব ইটেগাছা গ্রামের বাসিন্দা। দুর্ঘটনায় আরও দুই তরুণ আহত হয়েছেন। তাঁরা হলেন তালা উপজেলার কাশীপুর গ্রামের তরিকুল ইসলাম (২০) ও একই এলাকার রাহাত হোসেন (১৮)।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, শেখ জুবায়ের একটি মোটরসাইকেলে তিনজনকে নিয়ে সাতক্ষীরা শহর থেকে খুলনার দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি সাতক্ষীরা-খুলনা আঞ্চলিক মহাসড়কের বিনেরপোতা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই শেখ জুবায়ের নিহত হন। অন্য দুই তরুণ আহত হন।


সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক তন্ময় দেবনাথ বলেন, আহত দুই তরুণের মধ্যে তরিকুলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং রাহাতকে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে নিহত জুবায়েরের লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।
সূত্র:প্রথম আলো
E/N







