
ধনাগোদা নদীতে গোসলে গিয়ে এক বোনের মৃত্যু, প্রতিবন্ধী বোন নিখোঁজ

চাঁদপুর সদরে ধনাগোদা নদীতে গোসল করতে গিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে তার প্রতিবন্ধী বোন। সোমবার বিকালে সদর উপজেলার বিষ্ণুপুর দামোদরদী এলাকায় এ ঘটনা ঘটে।
নিকটাত্মীয় গৌর সরকার জানান, বিষ্ণুপুর দামোদরদী গ্রামের শম্ভু সরকারের স্ত্রী স্বপ্না সরকার (৩৫) তার প্রতিবন্ধী বোন রনি (৩২) কে নিয়ে ধনাগোদা নদীতে গোসল করতে যান। এক পর্যায়ে স্রোতে ভেসে গিয়ে স্বপ্না নদীতে তলিয়ে যান। খবর পেয়ে স্থানীয়রা এসে স্বপ্নার মরদেহ উদ্ধার করে চাঁদপুর সদর জেনারেল হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক স্বপ্না সরকারকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে প্রতিবন্ধী বোন রনি সরকারের কোনো খোঁজ পাওয়া যায়নি।
তিনি আরো জানান, স্বপ্নার বাড়ি চাঁদপুর সদর থানার বিষ্ণপুর এলাকায়। ঈদ করতে বোনদের সাথে ঢাকা থেকে বাড়ীতে যান।


এলাকাবাসীর মধ্যে কাশেম বেপারী বলেন, ধনাগোদা নদীর এই অংশে স্রোত বেশি। বর্ষা মৌসুমে এখানে গোসল করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা নদীপাড়ে সতর্কতামূলক ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।
চাঁদপুর নদী বন্দরের ফায়ার সার্ভিসের কর্মকর্তা রবিউল হাসান বলেন, নিখোঁজ নারীকে খুঁজতে শুক্রবার সকালে ধনাগোদা নদীতে ডুবুরী দল নিয়ে অভিযান পরিচালনা করা হবে।
পপুলার বিডিনিউজ, চাঁদপুর

















