
আবর্জনার স্তুপে কুকুরের ঘেউ ঘেউ, কারণ খুঁজতে মিলল নবজাতকের লাশ


ময়লা-আবর্জনার স্তুপে কুকুরের ডাক নিত্যদিনের ঘটনা। ময়লার মধ্যে খাবার খুঁজতেই এই ডাকাডাকি। তবে আজ সকালে সেই ময়লার স্তুপে ঘেউ ঘেউ শুরু করে কুকুর। একটি নির্দিষ্ট স্থান ঘিরে অনেকগুলো কুকুরের এমন ডাকে কৌতুহল তৈরি হয় স্থানীয়দের মধ্যে।
তারা এগিয়ে গিয়ে দেখতে পান সেখানে পড়ে আছে এক লাশ।
লাশটি নবজাতকের। বয়স একদিন হবে হয়তো। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে।
মঙ্গলবার সকালে গাজীপুরের শ্রীপুর পৌর শহরের গরুহাটসংলগ্ন আবর্জনার স্তুপ থেকে নবজাতটির মরদেহ উদ্ধার করা হয়।


স্থানীয়রা জানিয়েছে, নবজাতকটি একদিন বয়সী হতে পারে। নবজাতকটি ছিল ছেলে শিশু। উদ্ধারের পর নবজাতকের মরদেহ ময়নাতদন্তের জন্য দুপুরে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সবজি ব্যবসায়ী রফিকুল ইসলাম জানান, আবর্জনার স্তুপ ঘিরে একদল কুকুর ক্রমাগত ঘেউ ঘেউ করছিল। এতে তিনিসহ কয়েকজন সেখানে গিয়ে আবর্জনার স্তুপে পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘আশপাশের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে খোঁজ নেওয়া হচ্ছে। কে বা কারা নবজাতকের মরদেহটি ফেলে গেছে তাদের শনাক্তসহ এর রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে। ’




























