
নোয়াখালীতে অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা: গ্রেফতার দুই


নোয়াখালীল কবিরহাট উপজেলায় মো.মেজবাহ উদ্দিন রাব্বি(২৫) নামের এক অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় এজাহার নামীয় দুই আসামিকে গ্রেফতার করেছে কবিরহাট থানা পুলিশ।
এর আগে গতকাল রবিবার রাত সোয়া ৮টার দিকে উপজেলার কবিরহাট পৌরসভার ১নম্বর ওয়ার্ডের কবিরহাট সরকারি কলেজের পশ্চিমে এনায়েত নগর সড়কে এই হত্যাকাণ্ড ঘটে।
গ্রেফতারকৃত মো.রাসেল(৩০) উপজেলার কবিরহাট পৌরসভার ১নম্বর ওয়ার্ডের এনায়েত নগর এলাকার হোসেন সর্দার বাড়ির মৃত সফি উল্লার ছেলে এবং মাইন উদ্দিন (২৮) কবিরহাট পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের ঘোষবাগ এলাকার হাসান আলী মেস্ত্রী বাড়ির মো.আবদুল হকের ছেলে।


এ ঘটনার আজ সোমবার সকালে নিহতের মা তাজনাহার বেগম বিজলী বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে কবিরহাট থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মো.রাসেল তার ভাই মো. রুমেজ ও এলাকার হাসান আলী মেস্ত্রী বাড়ির মো.আবদুল হকের ছেলে মাইন উদ্দিন সহ অজ্ঞাত ২-৩ জনের সঙ্গে নিহত রাব্বির অটোরিকশা চালানো নিয়ে বিরোধ সৃষ্টি হয়। এই বিরোধের জেরে রবিবার সন্ধ্যায় রাব্বি অটোরিকশা নিয়ে কবিরহাট বাজারে যাওয়ার পথে এজাহার নামীয় তিন আসামি সহ অজ্ঞাত ৮-১০জন তাকে ধারালো দা, ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে এনায়েতনগর এলাকার পুকুর পাড়ের ঝোঁপে ফেলে দেয়।
কবিরহাট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.শ্যামল কুমার দেবনাথ জানান, ওই যুবককে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে স্থানীয় লোকজন। বিষয়টি পুলিশকে জানালে তারা হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত ছিল। ঘটনাস্থলেই সে মারা যায়।
কবিরহাট থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, ‘এ ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই রবিবার দিবাগত রাতে উপজেলার একাধিক স্থানে অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে পুলিশ বাদীর অভিযোগ আমলে নিয়ে কাজ করছে। তবে পুলিশ এই হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে। পাশাপাশি এজাহার নামীয় পলাতক অপর আসমিদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।’




























