
হাজীগঞ্জের উন্নয়ন মূলক কাজের পরিদর্শন করেন ইউএনও


হাজীগঞ্জে ফেসবুকে ব্রিজ ভাঙার স্ট্যাটাস দেখে তা সংস্কার করে প্রশংসায় ভাসছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম। ৬ জুলাই বুধবার বিকেলে এ সংস্কার কাজ পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা এলজিইডি কর্মকর্তা মো. রেজওয়ানুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাকির হোসেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলামের এমন মহতি উদ্যোগের প্রশংসা করছেন স্থানীয়রা।
উপজেলার ১০নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের জগন্নাতপুর-মোহাম্মদপুর সড়কের কালভার্ট ব্রিজ ও ধোপল্লা-মোহাম্মদপুর সড়কের ডাকাতিয়া নদীর উপর স্টিলে ব্রিজের ভাঙা দৃশ্য ফেসবুক স্ট্যাটাসে দেখে তা সংস্কারের নির্দেশ হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম।
এরপর উপজেলা এলইজিইডি কর্মকর্তা রেজওয়ানুল হক ব্রিজ দুটি সংস্কারের উদ্যোগ নেন। ব্রিজ দুটির মধ্যে ডাকাতিয়া নদীর উপর নির্মিত স্টিলের ব্রিজের উপর স্টিলের পাত নষ্ট হয়ে যাওয়ায় যান চলাচলে ব্যাঘাত ঘটে। অপরটি জগন্নাতপুর ও মোহাম্মদপুর সড়কের জগন্নাতপুর খালের উপর নির্মিত কালভার্টের মাঠখানের অংশ ভেঙ্গে পড়ে যায়। রডের উপর বস্তা ফেলে যানবাহন ও স্কুলের শিক্ষার্থীরা যাতায়াত করতো।


এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্যাটার্স দেওয়া হয়। এ বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো রাশেদুল ইসলামের নজরে আসার পর তিনি সংস্কারের প্রতিশ্রুতি দেন। উপজেলা পরিষদের অপ্রত্যাশিত ব্যয় খাত থেকে সংস্কার কাজ বাস্তবায়ন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে অনেকে আমাকে ট্যাগ করেছে বা মেসেঞ্জারে ছবি পাঠিয়েছিল। দেখার পর থেকেই মনটা খচখচ করছিল, কখন জানি কি দুর্ঘটনা ঘটে। দিন কয়েক বাদেই সংস্কার কাজ শুরু করি। এখন আর ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করতে হবে না।








