
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, শীতের দাপটে বিপর্যস্ত মানুষ


হঠাৎ করেই উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শীতের তীব্রতা বেড়েছে। বুধবার ভোর থেকে বইছে ঠাণ্ডা হিমেল বাতাস। সারা দিন সূর্যের দেখা মেলেনি। ভোরে এবং সকাল সাড়ে ১০টার দিকে এবং বিকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে।
হিমেল বাতাসের সঙ্গে বৃষ্টি যোগ হওয়ায় বেড়েছে শীতের প্রকোপ। সূর্যের দেখা না মেলায় দিনভর দারুণ কষ্ট ভোগ করতে হয়েছে সাধারণ মানুষকে। বিশেষ করে বিপাকে পড়েছে ছিন্নমূল পরিবারসহ নিম্নআয়ের মানুষ।
শ্রমজীবীরা সকালে কাজে যেতে পারেনি। ঠাণ্ডায় বাড়ি থেকে বের হতে পারেননি তারা। জরুরি কাজ ছাড়া ঘরের বাইরে বের হচ্ছে না সাধারণ মানুষও।


বুধবার সারাদিন শহরে মানুষের তেমন আনাগোনা লক্ষ্য করা যায়নি। রাস্তাঘাট প্রায়ই ফাঁকা। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করেছেন ছিন্নমূল পরিবারের সদস্যরা।
কৃষি বিভাগের উপ-পরিচালক আবু হুসেনের দেওয়া তথ্যমতে, সকালে তাপমাত্রা ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসে উঠা নামা করে। দুপুরে সবোচ্চ ১৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে। বিকালে তা আবারো কমতে থাকে।
সরকারিভাবে এ পর্যন্ত উপজেলার প্রায় সাত হাজার কম্বল প্রশাসন ও চেয়ারম্যান-মেম্বারদের মাধ্যমে বিতরণ করা হয়েছে বলে জানান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম। আরও বিতরণ করা হবে বলে জানান তিনি।
সূত্র:যুগান্তর
E/N



























