
অভিনেতা এস এম মহসিন আর নেই


একুশে পদকপ্রাপ্ত অভিনয়শিল্পী, নাট্য শিক্ষক এস এম মহসিন আর নেই। আজ সকাল ৯টা ৩০ মিনিটে রাজধানীর বারডেম হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ছেলে রাশেক মহসিন তন্ময়।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪ এপ্রিল হাসপাতালে ভর্তি হন এম এম মহসিন। ৭৩ বছর বয়সী এই অভিনয়শিল্পীর ফুসফুসের ৭০ শতাংশ সংক্রমিত ছিল। নিবিড় পরিচর্যা কেন্দ্রে প্লাজমা দেওয়াসহ নানাভাবে চেষ্টা করেছেন চিকিৎসকেরা। কিন্তু শেষরক্ষা হয়নি।
জানা গেছে, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার আগে নাট্যজন এস এম মহসিন পাবনায় ‘অন্তরাত্মা’ ছবির শুটিং করেছেন। ছবির অন্যতম গুরুত্বপূর্ণ একটি চরিত্রে তিনি অভিনয় করেছেন বলে জানালেন পরিচালক ওয়াজেদ আলী।


২ মার্চ তাঁর অংশের শুটিং শেষ হয়। পরদিন তিনি ঢাকায় ফিরে আসেন। ঢাকায় আসার কিছু পরই তাঁর করোনা সংক্রমণের খবর জানা যায়।
পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করান। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়া হয়।
সূত্র:প্রথম আলো
H/N



























