
ফরিদগঞ্জে বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিবকে সম্মাননা দিল ইক্বরা ইন্টারন্যাশনাল মাদরাসা


আন্তর্জাতিক অঙ্গনে পবিত্র কুরআনের আলো ছড়িয়ে বাংলাদেশের সুনাম বয়ে আনার স্বীকৃতিস্বরূপ বিশ্বজয়ী হাফেজ ক্বারী মাওলানা নাজমুস সাকিবকে বিশেষ সম্মাননা প্রদান করেছে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পাটওয়ারী বাজারে অবস্থিত ইক্বরা ইন্টারন্যাশনাল মাদরাসা।
বুধবার (১৬ সেপ্টেম্বর) মাদরাসার মিলনায়তনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেন মাদরাসা কর্তৃপক্ষ। মাদরাসার সভাপতি ক্বারী সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাদরাসার মুহতামিম মুফতী আবু তাহের সিদ্দিকী।
সম্মাননা প্রদান পর্ব শেষে বিশ্বজয়ী হাফেজ ক্বারী মাওলানা নাজমুস সাকিবের সরাসরি তত্ত্বাবধানে শিক্ষার্থীদের নিয়ে বিশেষ ‘মাশক্বুল কুরআন’ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় তিনি শিক্ষার্থীদের শুদ্ধ তিলাওয়াত, তারতীল ও তাজভীদের মৌলিক এবং সূক্ষ্ম নিয়মাবলি প্রাঞ্জলভাবে তুলে ধরেন। পাশাপাশি শিক্ষার্থীদের তিলাওয়াতের বিভিন্ন দিক সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।


আয়োজকরা জানান, এ ধরনের মাশক্বুল কুরআন কর্মশালা শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের বিশুদ্ধ তিলাওয়াত অনুশীলনে দক্ষ করে তুলতে সহায়ক হবে। একই সঙ্গে আগামী দিনে বিশ্বমানের হাফেজ ও ক্বারী হিসেবে শিক্ষার্থীদের গড়ে তুলতেও এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মাদরাসার মুহতামিম মুফতী আবু তাহের সিদ্দিকী বলেন, শিক্ষার্থীদের মেধা ও দক্ষতা বিকাশে ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।
বিশ্বজয়ী হাফেজ ক্বারী মাওলানা নাজমুস সাকিব আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের জন্য গৌরব বয়ে এনেছেন। ভারতের এশিয়া মহাদেশীয় কিরাত প্রতিযোগিতায় তিনি প্রথম স্থান অর্জন করেন। এছাড়া সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা এবং সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতাতেও প্রথম স্থান অর্জনের কৃতিত্ব রয়েছে তাঁর।
উল্লেখ্য, ফরিদগঞ্জের পাটওয়ারী বাজারে অবস্থিত ইক্বরা ইন্টারন্যাশনাল মাদরাসায় শিক্ষার্থীদের উন্নত তিলাওয়াত অনুশীলনের জন্য আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ের শীর্ষস্থানীয় হাফেজ ও ক্বারীদের মাধ্যমে পাঠদান পরিচালিত হচ্ছে। প্রতিষ্ঠানটিতে উস্তাযুল হুফফাজ শায়খ আব্দুল হক, ক্বারী হাবিবুল্লাহ বেলালী, উস্তাযুল কুররা শায়খ নাজমুল হক, যুক্তরাজ্যের শায়খ আহমাদ হাসান এবং বিশ্বজয়ী হাফেজ ক্বারী মুফতী মুহাম্মাদ জাকারিয়াসহ প্রখ্যাত ব্যক্তিবর্গ ধারাবাহিকভাবে দারস প্রদান করেন।

























