
চাঁদপুরে পঁচা ইলিশ বিক্রি , ৪ প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা


চাঁদপুরের বড় স্টেশন মাছ ঘাটে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে চারটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার দুপুরে জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল্লাহ আল ইমরানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নষ্ট ও পঁচা ইলিশ মাছ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণের অপরাধে আমীর হোসেনকে ৩ হাজার টাকা এবং সেলিম হাওলাদারকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একই ঘাটে দৃশ্যমান স্থানে সঠিক মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ‘খাওয়া দাওয়া হোটেল’ ও ‘আরফান হোটেল’-কে প্রতিটিকে ২ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়।


অভিযানকালে জব্দকৃত পঁচা ইলিশ মাছ তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়। অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার লিখিত অঙ্গীকার প্রদান করে। জনস্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষণের লক্ষে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট অধিদপ্তর।


























