
ফরিদগঞ্জে পৃথক অভিযানে যুবলীগ-ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার


ফরিদগঞ্জে পুলিশের পৃথক অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পৃথক দুটি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—গোবিন্দপুর উত্তর ইউনিয়নের ইউপি সদস্য ও যুবলীগ নেতা আহাদ খান জুয়েল (৩৫) এবং ছাত্রলীগ নেতা মো. নুরুজ্জামান সোহাগ (২৭)।
পুলিশ সূত্রে জানা যায়, ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহর নির্দেশনায় এসআই রাকিবুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল রোববার দুপুরে গোবিন্দপুর উত্তর ইউনিয়নে অভিযান পরিচালনা করে। এ সময় ইউপি সদস্য ও যুবলীগ নেতা আহাদ খান জুয়েলকে গ্রেফতার করা হয়।


অন্যদিকে, একই দিন বেলা সাড়ে ১১টার দিকে ফরিদগঞ্জ বাজারের সাব-রেজিস্ট্রি অফিসের সামনে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতা মো. নুরুজ্জামান সোহাগকে গ্রেফতার করে পুলিশ। তিনি নয়াহাট বাজারসংলগ্ন ভূঁইয়া বাড়ির দলিললেখক মো. নূরুল আমিন ভূঁইয়ার ছেলে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, আহাদ খান জুয়েলকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় এবং মো. নুরুজ্জামান সোহাগকে ২০২২ সালের ১ সেপ্টেম্বর বিএনপির দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ এরশাদ উল্যাহ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, পৃথক মামলায় গ্রেফতার দুই নেতার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।




























