
চাঁদপুরে তৃতীয় দিনের মতো চলছে কোর্ট বর্জন, বিচারকদের অনিয়মের প্রতিবাদে আইনজীবীদের বিক্ষোভ


চাঁদপুরে বিচারকদের অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে সভা ও বিক্ষোভ করেছেন আইনজীবীরা। একই সঙ্গে গত ৯ সেপ্টেম্বর থেকে চাঁদপুরের তিনটি আদালত বর্জন কর্মসূচি পালন করে আসছে চাঁদপুর জেলা আইনজীবী সমিতি।
রোববার সকালে আদালত বর্জন কর্মসূচিকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় কয়েকজন বিচারকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও আইনজীবীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন আইনজীবীরা।
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. শামছুল ইসলাম মন্টু বলেন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও সদর সিনিয়র সিভিল জজ আদালতের নির্দিষ্ট কয়েকজন বিচারক আইনজীবীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করেও দীর্ঘ সময় ধরে তাদের সঙ্গে খারাপ আচরণ করা হয় বলে অভিযোগ করেন তিনি। আইনজীবীদের দাবি, বিচারপ্রার্থী সাধারণ মানুষ ও আইনজীবীরা দীর্ঘদিন ধরে এসব স্বেচ্ছাচারিতার শিকার হচ্ছেন। বিচার বিভাগের ভাবমূর্তি রক্ষা এবং দুর্নীতি ও বৈষম্যমুক্ত বিচারব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যেই তাদের এই আন্দোলন।


প্রতিবাদ সভা থেকে বিচারপ্রার্থী ও আইনজীবীদের সঙ্গে হয়রানিমূলক আচরণের অভিযোগের প্রতিকার এবং সংশ্লিষ্ট তিন বিচারকের প্রত্যাহারের দাবি জানানো হয়।
অন্যদিকে, আদালত বর্জনের এই কর্মসূচির কোনো আইনগত ভিত্তি নেই বলে দাবি করেছে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। এ বিষয়ে সুপ্রিম কোর্ট ও আইন মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানানো হয়েছে বলে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে সংবাদমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

























