
মতলব দক্ষিণে কিশোরীকে ধর্ষণের ভিডিও ধারণ, ধর্ষককে গণপিটুনি


চাঁদপুরের মতলব দক্ষিণে ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণ করে ভিডিও ধারণ ও তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে বিক্ষুব্ধ এলাকাবাসী ধর্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।
শুক্রবার দুপুরে উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের লেজাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
আটককৃত মোবারক হোসেন সরদার (৫২) একই এলাকার মৃত হোসেন আলী সরদারের ছেলে। তার বাড়ির পাশেই চায়ের দোকান রয়েছে। তার ৪টি সন্তান রয়েছে। অভিযোগ অনুযায়ী, ভিকটিম তার সম্পর্কে নাতনী হয়।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৩-৪ মাস আগে মোবারক সরদার কিশোরীকে প্রলোভন দেখিয়ে ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে এবং মোবাইলে ভিডিও ধারণ করে রাখে। এ বিষয়ে কাউকে জানালে ক্ষতির হুমকি দেয়।
গত ৩-৪ দিন আগে ওই ভিডিও বিভিন্ন মোবাইলে ছড়িয়ে দেয় সে। বিষয়টি জানাজানি হলে বৃহস্পতিবার সন্ধ্যায় এলাকাবাসী মোবারক সরদারের বাড়িতে সালিশ বসায়। তবে সে সালিশে উপস্থিত না হয়ে পালিয়ে যায়।
শুক্রবার সকালে মোবারক বাড়িতে ফিরলে বিক্ষুব্ধ এলাকাবাসী তাকে গণপিটুনি দেয় এবং মতলব দক্ষিণ থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে মতলব সরকারি হাসপাতালে ভর্তি করে।
ভিকটিমের ভাই বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।
মতলব দক্ষিণ থানার ওসি হাফিজুর রহমান মানিক বলেন, “এ ঘটনায় মোবারক সরদারকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নঈমুল ইসলাম রাজিব জানান, আটক মোবারকের মাথা ও শরীরে জখম রয়েছে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ভিকটিমের বাবা পেশায় কাঠমিস্ত্রি। তিনি বলেন, “ঘটনা জানাজানির পর আমার মেয়ের জীবন ও ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। আমি মোবারক সরদারের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”
মোবারকের স্ত্রীও স্বামীর বিরুদ্ধে অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, সালিশে স্বামী উপস্থিত না হওয়ায় এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করে।




























