‘কেউ নির্বাচন থেকে সরাতে পারবে না’ বক্তব্যের কয়েক ঘণ্টা পরই বিএনপি নেতার মৃত্যু

অনলাইন ডেস্ক
আপডেটঃ সেপ্টেম্বর ৮, ২০২৬ | ১:৪৫
Link Copied Successfully!

‘আমি বেঁচে থাকতে কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’- দিনভর শোডাউন ও নির্বাচনি প্রচারণার পর এক পথসভায় এমন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছিলেন চান্দিনা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম খোকন। তবে এই বক্তব্যের মাত্র কয়েক ঘণ্টার মাথায় আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন তিনি।

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে সোমবার (৭ সেপ্টেম্বর) কুমিল্লার চান্দিনার শুহিলপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে দিনভর শোডাউন, গণসংযোগ ও প্রচারণায় ব্যস্ত ছিলেন খোকন। রাতেই বাড়ি ফিরে হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করলে হাসপাতালে নেওয়া হয় তাকে। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে মারা যান তিনি।

স্থানীয়রা জানান, সোমবার বিকেলে শুহিলপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শালিখা গ্রামে নানার বাড়ি থেকে নির্বাচনি কর্মসূচি শুরু করেন খোকন। তার নেতৃত্বে দুই শতাধিক মোটরসাইকেল ও অর্ধশত সিএনজিচালিত অটোরিকশা নিয়ে বড় ধরনের শোডাউন করা হয়। পরে শালিখা গ্রামের বিভিন্ন সড়ক ও অলিগলিতে হেঁটে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় এবং লিফলেট বিতরণ করেন তিনি।

বিজ্ঞাপন

সন্ধ্যায় শালিখা বাজারে আয়োজিত পথসভায় নিজের প্রার্থিতার বিষয়ে আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলেন খোকন। নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা কি চান, শাওন সাহেব আমাকে দলীয় প্রার্থী করুক? তাহলে নিশ্চিত থাকেন, শাওন সাহেব এই ইউনিয়নে চেয়ারম্যান পদে আমাকেই প্রার্থী ঘোষণা করবেন।’

দিনভর কর্মসূচি শেষে রাতে বাড়ি ফিরে খাবার খান খোকন। পরিবারের সদস্যদের ভাষ্য, রাত ১২টার দিকে ঘুমাতে যাওয়ার প্রস্তুতিকালে হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন তিনি। দ্রুত তাকে ইলিয়টগঞ্জ বাজারের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক দেড়টার দিকে তার মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে খোকনের মেজো ছেলে মো. সাঈদ বলেন, ‘বাবা সারাদিন প্রচারণায় ব্যস্ত ছিলেন। রাতে সুস্থভাবেই বাড়ি ফিরেছিলেন। কিন্তু হঠাৎ বুকে ব্যথায় সব শেষ হয়ে গেল।’

বিজ্ঞাপন

সাইফুল ইসলাম খোকন কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাবেক সহ-সভাপতিও ছিলেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সংসদ সদস্য আতিকুল আলম শাওন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া শোকবার্তায় তিনি খোকনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার আত্মার মাগফিরাত কামনা করেন।

পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার বেলা ১১টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে খোকনের দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

যে মানুষটি কয়েক ঘণ্টা আগেও নির্বাচনি মাঠে নেতাকর্মীদের নিয়ে শোডাউন করে নিজের প্রার্থিতার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছিলেন, রাত পেরোতেই সেই মাঠ নিস্তব্ধ। প্রতিদ্বন্দ্বীর কাছে নয়, জীবনের কাছেই হেরে চিরতরে বিদায় নিলেন শুহিলপুরের পরিচিত এই বিএনপি নেতা।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব দক্ষিণে বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি ও সভা বিশ্ব শিক্ষক দিবসে মতলব উত্তরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জামদানি শাড়িতে মায়াবী লুক, অপরূপ সৌন্দর্যে মুগ্ধ করলেন চিত্রনায়িকা পূর্ণিমা ৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের প্রবাস থেকে দেশে ফেরায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল করিম বেপারীকে ফুলেল শুভেচ্ছা হাজীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে ৬ গুণীশিক্ষককে সংবর্ধনা চাঁদপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা চাঁদপুরে জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় মতলবে জাল নোটসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার চাঁদপুরে নানান আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত “দরজা সবার জন্য খোলা” ফাইলের ফাঁকে অসহায় খায়রন্নেছাদের কথাও শুনেন হাজীগঞ্জ ইউএনও ইবনে আল জায়েদ অদম্য হাফছা আক্তার: হুইলচেয়ার থেকে জাতীয় শিক্ষক সম্মাননার মঞ্চে ‎রাবিতে ছাত্রদলের হামলায় ১০ সাংবাদিক আহত, গুরুতর ৪ সিটি করপোরেশন ও জেলা পর্যায়ে মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ফরিদগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার শাহরাস্তির মেহের ডিগ্রি কলেজ জাতীয়করণ দানপত্র দলিল হস্তান্তর নিরাপদ খাদ্য নিশ্চিতে চাঁদপুরে হোটেল-রেস্তোরাঁর শেফ ও মালিকদের প্রশিক্ষণ কর্মশালা বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে মালয়েশিয়া: শ্রমমন্ত্রী ১ হাজার ৭৭ কিলোমিটার রেলপথে যুক্ত হবে পঞ্চগড়-কক্সবাজার জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানো হলো আখতারুজ্জামানকে