
শাহরাস্তিতে এসএসসি পরিক্ষা কেন্দ্রে উত্তর বলে দেয়ায় হল সুপার আটক, ৩ শিক্ষক প্রত্যাহার
Link Copied Successfully!

চাঁদপুরের শাহরাস্তিতে এসএসসি পরিক্ষার কেন্দ্রে শিক্ষার্থীদের উত্তর বলে দেয়ার অভিযোগে হল সুপার আজমুল হককে আটক ও হলের দ্বায়িত্বরত ৩ শিক্ষককে প্রত্যাহার করা হয়েছে।
সোমবার (২১ এপ্রিল) সকালে উপজেলার নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গণিত পরিক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।
ওই কেন্দ্রে গণিত পরিক্ষা চলাকালে হল সুপার ও দেবকরা মারগুবা ড. শহীদুল্লাহ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আজমুল হক ১২নং হলে গিয়ে শিক্ষার্থীদের মৌখিক ভাবে এম.সি.কিউ উত্তর বলে দেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার ওই সময় কেন্দ্রে উপস্থিত হয়ে তাকে হাতেনাতে আটক করেন। অভিযুক্ত হল সুপার দোষ স্বীকার করেন এবং কেন্দ্র সচিব মোঃ আজাদ হোসেন বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। দুপুরে শাহরাস্তি থানা পুলিশ অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার জানান, অভিযুক্ত শিক্ষক দায় স্বীকার করেছেন। তাকে বহিষ্কার করা হয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে।
কেন্দ্র সচিব ও নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজাদ হোসেন জানান, হলে দায়িত্বে থাকা ৩ শিক্ষককে আগামী পরিক্ষা গুলো থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল বাসার জানান, কেন্দ্র থেকে অভিযুক্ত শিক্ষক আজমুল হককে আটক করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


























