
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মহাসড়ক অবরোধ


স্থায়ী ক্যাম্পাসের দাবিতে গত এক সপ্তাহ ধরে এই আন্দোলন করছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার বেলা তিনটার দিকে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের বিসিক বাসস্ট্যান্ড এলাকায়।
সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মহাসড়ক অবরোধ করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। তাঁদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ স্থানীয় সচেতন নাগরিক ফোরাম, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, শাহজাদপুর স্বার্থরক্ষা কমিটিসহ বিভিন্ন সংগঠন।
আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা বগুড়া-নগরবাড়ী মহাসড়কের শাহজাদপুর পৌর শহরের বিসিক বাসস্ট্যান্ড এলাকায় অবরোধ করে বিক্ষোভ সমাবেশ শুরু করেন। এতে মহাসড়কটির দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বেলা তিনটা পর্যন্ত চলে এই সমাবেশ।


আজকের বিক্ষোভ সমাবেশে বিশ্ববিদ্যালয়ের সংগীত তৃতীয় বর্ষের শিক্ষার্থী হৃদয় সরকার, পিয়াস, মওদুদ আহমেদ, মিরাজ হোসেন, সমাজবিজ্ঞান চতুর্থ বর্ষের তাইবুর রহমান, ব্যবস্থাপনা বিভাগের মাইশা, অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আনোয়ার হোসেন, বাংলা বিভাগের ফাহিমা, মাহফুজ আলম প্রমুখ বক্তব্য দেন।
এ সময় শিক্ষার্থীরা জানান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস দীর্ঘদিনেও হয়নি। তাই তাঁদের আর কোনো দাবিদাওয়া নেই। দাবি একটাই এখন, সেটা হচ্ছে স্থায়ী ক্যাম্পাস। দীর্ঘ সময় ধরে অস্থায়ীভাবে শাহজাদপুর মহিলা ডিগ্রি কলেজ, মাওলানা সাইফুদ্দিন কলেজে বিশ্ববিদ্যালয়ের এক হাজার শিক্ষার্থীর জন্য পাঠদানের ব্যবস্থা করা হয়েছে। ক্যাম্পাস ও হল না থাকায় শিক্ষার্থীদের বিভিন্ন এলাকায় ছড়িয়ে-ছিটিয়ে থাকতে হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস না হওয়ার জন্য নানা ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে জানান বক্তারা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং সরকারের কাছে দ্রুত স্থায়ী ক্যাম্পাস নির্মাণের ব্যবস্থা নিতে জোর দাবি জানান। স্থায়ী ক্যাম্পাস নির্মাণে উদ্যোগ নেওয়া না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণাও দেন শিক্ষার্থীরা।
জানতে চাইলে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ বলেন, কয়েক দিন ধরে প্রায় প্রতিদিন বেলা ১১টার পর থেকে শিক্ষার্থীরা দীর্ঘ সময় মহাসড়কটি অবরোধ করে রাখায় দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। এতে মানুষের ভোগান্তি বেড়ে যাচ্ছে। এ বিষয়ে দৃষ্টি দিতে অব্যাহতভাবে শিক্ষার্থীদের অনুরোধ করা হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে দীর্ঘ সময় মহাসড়ক অবরোধ করে গত এক সপ্তাহ ধরে বিক্ষোভ সমাবেশ করে আসছেন শিক্ষার্থীরা। একই দাবিতে গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মানববন্ধন করে শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি জমা দিয়েছেন শাহজাদপুর স্বার্থরক্ষা কমিটি।
এ ছাড়া রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ ও প্রশাসনিক কার্যক্রম ত্বরান্বিত করার দাবিসহ পাঁচ দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি জমা দিয়েছেন শাহজাদপুর সচেতন নাগরিক ফোরাম। ফোরামের পক্ষে রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এস এম হাসান তালুকদারের হাতে স্মারকলিপিটি তুলে দেন ফোরামের আহ্বায়ক মির্জা হুমায়ূন।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক নজরুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের স্থানীয় ক্যাম্পাসের দাবি একটি যোক্তিক দাবি। এই দাবির সঙ্গে আমরা একাত্মতা প্রকাশ করেছি। গত বৃহস্পতিবার রাতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের ১৯৯ জন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীর সইসংবলিত একটি স্মারকলিপি শিক্ষা উপদেষ্টা বরাবর পাঠানো হয়েছে।’
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০১৭ সালে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ স্থাপন শীর্ষক প্রস্তাবিত প্রকল্পটির প্রস্তাবিত ডেলিভার্ড ডিউটি পেমেন্ট (ডিডিপি) বাজেট করা হয়েছিল ৯ হাজার ২০০ কোটি টাকা। এরপর এটি পরিকল্পনা কমিশনের সুপারিশ অনুযায়ী প্রথমে পুনর্গঠিত প্রস্তাবনা করা হয় ২ হাজার ৭২০ কোটি টাকা। এরপর পুনর্গঠিত প্রস্তাবনা করা হয় ২ হাজার কোটি টাকা। এরপর ১ হাজার ৮০০ কোটি টাকা। এরপর প্রস্তাবনা করা হয় ৯৯৫ কোটি টাকা। এভাবে সাতবার ডিডিপি বাজেট পুনর্গঠিত প্রস্তাবনা করার পর অষ্টমবার এসে ৫৯৯ কোটি ৫০ লাখ টাকা পুনর্গঠিত ডিডিপি বাজেট প্রস্তাবনা শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। প্রস্তাবিত প্রকল্পের মেয়াদকাল হবে ১ মার্চ ২০২৫ সাল থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৯ সাল পর্যন্ত। গত মঙ্গলবার ইউজিসির পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়া স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এটি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এস এম হাসান তালুকদার বলেন, বিশ্ববিদ্যালয়ের শুরু থেকে গত আট বছরে এ পর্যন্ত সাত থেকে আটবার প্রস্তাবিত প্রকল্পের ডিডিপি বাজেট পর্যালোচনা করে কমানো হয়েছে। এখন ৫৯৯ কোটি ৫০ লাখ টাকার মধ্যে প্রকল্পটি সম্পন্ন করার জন্য মঙ্গলবার ইউজিসি থেকে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠানো হয়েছে। ২৮ জানুয়ারি পরিকল্পনা কমিশনের সভায় প্রস্তাবনাটি উত্থাপন করে অনুমোদনের কথা রয়েছে।








