
কচুয়ায় আন্ত:জেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার


চাঁদপুর জেলার কচুয়া থানা পুলিশের অভিযানে চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে চোরাইকৃত স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধার করেছে কচুয়া থানা পুলিশ।ফাঁকা বাসা বাড়ীকে টার্গেট করে সুবিধাজনক সময়ে বাসা বাড়ির ছাদে উঠে ছাদের সিঁড়ির অংশের দরজা বা টিন খুলে ঘরে ঢুকে নগদ টাকা,স্বর্ণালংকার,মোবাইল ফোন, হালকা বহনযোগ্য দামী জিনিসপত্র চুরি করাই তাদের নেশা এবং পেশা। কচুয়াসহ আশেপাশের উপজেলায় দীর্ঘদিন এভাবেই চুরি করে যাচ্ছিল এ চোর চক্রটি। কিন্তু কথায় আছেনা সাত দিন চোরের এক দিন গৃহস্থ্যের।
কচুয়া উপজেলার কাদলা গ্রামের প্রধানীয়া বাড়ীতে একই কায়দায় চুরি করার পর বাঁধে বিপত্তি। গত ৩১ মার্চ দিবাগত রাত আনুমানিক ১১ টার দিকে কাদলা গ্রামের প্রধানীয়া বাড়ীর প্রবাসী মনোয়ার হোসেনের ফাঁকা বিল্ডিংয়ে পাশের কদমগাছ বেয়ে ছাদে উঠে ছাদের টিনের ফাঁকা অংশ দিয়ে ঘরে ঢুকে নগদ ১,৫৫,০০০/- টাকা, প্রায় পৌনে পাঁচ ভরি ওজনের স্বর্ণালংকার, কিছু দামী কাপড়চোপড় ও কসমেটিক্স চুরি করে নিয়ে যায় চোর চক্রটি। পরিকল্পনা অনুযায়ী চোরাইকৃত স্বর্ণালংকার বিক্রি করা হয় হাজীগঞ্জের স্বর্ণ ব্যবসায়ী রিয়াদের নিকট। দিদারের মামার কাছে রাখা হয় চোরাই নগদ টাকা ও কিছু স্বর্ণালংকার। কিন্তু এবার চক্রটির জন্য বিধিবাম হয়।
সংশ্লিষ্ট প্রবাসী চুরির ঘটনাটি থানায় জানানোর পর কচুয়া থানার চৌকস অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমানের নির্দেশে এসআই দেলোয়ার হোসেন, এএসআই সাগর সেন ও এএসআই কামরুজ্জামানের সমন্বয়ে একটি বিশেষ টিম গঠন করা হয়। সহকারী পুলিশ সুপার কচুয়া সার্কেল জনাব রিজওয়ান সাঈদ জিকু’র তত্ত্বাবধানে বুধবার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হাজীগঞ্জ ও কচুয়া থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সংঘবদ্ধ চোর চক্রটির ৪ জনকে আটক করতে সক্ষম হয় এবং তাদের স্বীকারোক্তির ভিত্তিতে হাজীগঞ্জের পৌর হকার্স মার্কেটের রিয়াদের স্বর্ণের দোকান থেকে চোরাইকৃত স্বর্ণালংকার ১ ভরি ৭ আনা ওজনের ৩টি স্বর্ণের আংটি, ইমানের ঘরের আলমারীর ড্রয়ার থেকে থেকে ৩ জোড়া স্বর্ণের কানের দুল, ১টি স্বর্ণের চেইন, নগদ ১,৩৯,০০০/- টাকা, ০১ টি পাঞ্জাবী ও ০১টি শাড়ী উদ্ধার করে।


গ্রেফতারকৃতরা হলো- কচুয়া উপজেলার কাদলা গ্রামের ইয়াকুবের ছেলে দিদার হোসেন,হাজীগঞ্জ উপজেলার টোরাগর গ্রামের ছিদ্দিকুর রহমানের ছেলে এমরান হোসেন ,একই উপজেলার সুহিলপুর সাড়াসিয়া গ্রামের আব্দুল বাতেন খন্দকারের দুই ছেলে বশির হোসেন ও রিয়াদ হোসেন।
উক্ত ঘটনায় কচুয়া থানায় রুজুকৃত নিয়মিত মামলায় আসামীদের আজ বৃহস্পতিবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।








