
মেম্বারের পরিবারের ড্রেজার: জরিমানার টাকা নিয়ে গেলেন চেয়ারম্যান


হাজীগঞ্জ উপজেলার দ্বাদশ গ্রাম ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার আব্দুল আউয়াল অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করছেন।
এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকালে ইউনিয়নের চারআনি গ্রামে অভিযান পরিচালনা করে স্থানীয় ইউপি সদস্য আব্দুল আউয়ালের ভাই ড্রেজার মালিক মো. কাউছারকে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান মানিক।
এ জরিমানার টাকা দিতে ড্রেজার মালিক কাউছার কিংবা তার ভাই স্থানীয় ইউপি সদস্য আব্দুল আউয়াল না এসে শয়ং দ্বাদশ গ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের প্রধানীয়া এসেছেন টাকা নিয়ে।


নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় অনেকেই বলছেন এই অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করার পিছনে ইউপি চেয়ারম্যান আবু তাহের প্রধানীয়ার সাথে আঁতাত রয়েছে।
তবে সবকিছু অস্বীকার করে আবু তাহের প্রধানীয়া জানান, অভিযানে ড্রেজার মালিক যে কাউসার হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে সে কাউসারকে চিনেননি না তিনি। অথচ ড্রেজার মালিককে না চিনলেও তার পক্ষেই গুন গাইতে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির হন তিনি।
এদিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান মানিক জানান, অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করার দায়ে স্থানীয় ইউপি সদস্য আবদুল আউয়ালের ভাই কাউসারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ড্রেজারের সঙ্গে ইউপি সদস্যের কোন সংশ্লিষ্টতা আছে কিনা তিন দিনের মধ্যে চেয়ারম্যান আবু তাহের প্রধানীয়াকে মৌখিকভাবে তা জানাতে বলেছেন প্রশাসনের এই কর্মকর্তা।
অভিযানে ওই সময় হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক গুপী নাথ সাহা ও তার সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।








