
বাবাকে শেষবারের মতো দেখতে শিশু সন্তানদের আকুতি


সৌদি আরবে তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে প্রাণ হারিয়েছেন রামুর মো. ইমাম রাশেদ মামুন (২৯)। তিনি কক্সবাজারের রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের পূর্ব মেরংলোয়া গ্রামের আশরাফজামানের ছেলে। মঙ্গলবার বাংলাদেশ সময় বিকাল ৪টার দিকে সৌদি আরবের মক্কা নগরীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মামুন ২ সন্তানের জনক। মৃতদেহ দেশে আনা হবে কিনা এ নিয়ে বুধবার রাত পর্যন্ত পারিবারিকভাবে সিদ্ধান্তহীনতায় রয়েছে।
এদিকে বাবাকে শেষবারের মতো দেখার আকুতি জানিয়ে সামাজিকমাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন নিহত মামুনের দুই শিশু ওয়ারিশা আওয়াদ ইউহি (৯) ও আশফাক জামান ইলহাম (৪)।


জানা গেছে, নিহত মামুন মঙ্গলবার সৌদি আরবে নির্মাণাধীন তিনতলা ভবনের কাজ শেষ করে মালিককে বুঝিয়ে দিচ্ছিলেন। ছাদ পরিমাপকালে অসাবধানতাবশত পা পিছলে তিনতলার ছাদ থেকে নিচে পড়ে যান। এতে মাথা ও শরীরে গুরুতর জখমপ্রাপ্ত হন মামুন। পরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মামুনের নিকটাত্মীয় গোলাম মোস্তফা বাবুল জানান, বুধবার রাত পর্যন্ত মৃতদেহ দেশে আনার বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। তবে তার দুই শিশু সন্তানের বিষয়টি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
পারিবারিক সূত্রে জানা গেছে, মামুন দীর্ঘ ৮-৯ বছর ধরে জীবিকার তাগিদে সৌদি আরবে ছিলেন। মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়ে, মা-বাবা, ভাই-বোনসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে।
সূত্রঃ যুগান্তর







