
টিনের চাল কেটে ১৫ লক্ষাধিক টাকার মোবাইল চুরি


শহরের প্রাণকেন্দ্র রেলওয়ে হকার্স মার্কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাতে মোবাইল মেলা নামের একটি শো-রুমে এই ঘটনা ঘটে। চোরচক্র রাতের আঁধারে টিনের চাল কেটে শো-রুম থেকে বিভিন্ন দামি ব্র্যান্ডের ৮৮ পিস মোবাইল নিয়ে যায়। যার মূল্য ১৫ লাখ ৭২ হাজার পাঁচশ টাকা।
খবর পেয়ে মঙ্গলবার সকালে রেলওয়ে হাকার্স মার্কেট ব্যবসায়ী সমিতি নেতৃবৃন্দ, চাঁদপুর মডেল থানা পুলিশ এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
ওই সময় তারা চোরের ফিঙ্গারপ্রিন্ট, সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন আলামত সংগ্রহ ও চোরের ফেলে দেওয়া চুরির কাজে ব্যবহৃত ১টি শাবাল ও ১টি বাটালী উদ্ধার করা হয়।


মোবাইল মেলার স্বত্বাধিকারী মো. মোরশেদ আলম জানান, এই প্রতিষ্ঠানে তিনিসহ বিভিন্ন মোবাইল কোম্পানির ছয় জন প্রতিনিধি দায়িত্ব পালন করেন। প্রতিদিনের ন্যায় সোমবার রাত সাড়ে ৮টায় তারা দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। সকালে সোয়া ৯ টায় দোকান খুলে প্রথমেই সিসিটিভিটি মনিটর সাদা দেখতে পান। এরপর সবগুলো সিসিটিভির ক্যামেরা অন্যদিকে ঘুড়ানো এবং উপরের ডেকোরেশন কাটা এবং মোবাইলের তাকগুলো খালি দেখতে পান। চুরি হবার বিষয়টি উপলব্ধি করার সাথে সাথে তিনি মার্কেটের ব্যবসায়ী সমিতি এবং প্রশাসনকে অবগত করেন।
মোরশেদ আলম আরো জানান, চোর চক্র তার দোকানের বিভিন্ন দামি ব্র্যান্ডের ৮৮ পিস মোবাইল নিয়ে গেছে। যার মূল্য ১৫ লাখ ৭২ হাজার
পাঁচশ টাকা। তবে চোরচক্র কম দামি একটি মোবাইলও নেয়নি।
তিনি বলেন, ২০১৩ সালেও একইভাবে তার প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় মামলা করেও কাজ হয়েনি। এভাবে একের পর এক চুরির ঘটনা ঘটতে থাকলে, তার মত অনেক ব্যবসায়ী নিঃস্ব হয়ে যাবে। তাই মার্কেটের নিরাপত্তা জোরদার সহ চুরি হওয়া মোবাইল উদ্ধারে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেন।








