
সুজন আরিফের কবিতা ‘বিজ্ঞাপন’
Link Copied Successfully!

নিত্যনতুন শব্দে চটকদার বিজ্ঞাপন
কামনার পর্দায় কৌশলী দর্জি
নিজস্ব ডিজাইনে ঠিকঠাক কেটে নেয়
বর্ণিল কাপড়ের শরীর
সুযোগের প্রতিদানে সীমাহীন দুর্যোগ
পথ হারায় মাতৃত্ব
ধুরন্ধর প্ররোচনায় নিমেষেই মেতে ওঠে
ডুবসাঁতারের গোপন কাব্যে।
ভেঙ্গে পড়ে আশ্রয় অনন্ত হতাশায়
জঠরটাকেও মনে হয় কপট পৃথিবী
রক্তের স্রোতে ভেসে যায় নিষ্পাপ প্রাণ
আমাদের মতই যাদের পাখি হওয়ার কথা ছিল
বেপরোয়া দর্জি তবুও তৃপ্ত নয়
দৃষ্টি এবার চিরায়ত ঐতিহ্যে
একে একে কেটে নেয় ইতিহাসের শরীর
জাতির পিতা,থেমিস, সমুন্নত আকাশ।
অনেকেই গলা ফাটায় কর্কশ কাকের মতো
যুক্তির পাতায় ওদের কবরের ঘাস
আমি বিনয়ের সাথে তুলে ধরি
সাচ্চা ডেরার গুরমিত রাম রহিমের কথা
আহা!বিশ্বাস,
সে তো এক ভয়ংকর আততায়ীর নাম
অজ্ঞতাই এখানে প্রজ্ঞার বাহন
মহিমান্বিত জনতা,কাপড়ের হিসাব চাই ই চাই।
09/04/2021




























