
নারিকেল গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু


ফরিদগঞ্জে নারিকেল গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রফিকুল ইসলাম (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলার ৪নং সুবিদপুর পশ্চিম ইউনিয়নের দক্ষিণ চৌরাঙ্গা চকিদার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রফিকুল ইসলাম ওই এলাকার বাসিন্দা। তার স্ত্রী রেণু বেগম বলেন, গাছের ডাল কাটতে গাছে ওঠার জন্য তিনি বারবার নিষেধ করেছিলেন। কিন্তু তার নিষেধ উপেক্ষা করে রফিকুল ইসলাম গাছে ওঠেন। পরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা যান। তার এমন আকস্মিক মৃত্যুতে পুরো পরিবার শোকাহত।


স্থানীয় বাসিন্দা মো. হারুনুর রশীদ জানান, আগের দিন রফিকুল ইসলাম নারিকেল গাছের ডাল কাটার জন্য একজনকে বলেছিলেন। ওই ব্যক্তি কাজটির জন্য ২ হাজার টাকা দাবি করেন।
আর্থিক অসচ্ছলতার কারণে পরদিন নিজেই গাছের ডাল কাটতে ওঠেন তিনি। এ সময় বিদ্যুতের তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

























