
জমকালো আয়োজনে দাসাদী অগ্নিশিখা ক্লাবের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন


চাঁদপুর সদর উপজেলার ৩ নম্বর কল্যাণপুর ইউনিয়নের দাসাদী অগ্নিশিখা ক্লাবের আয়োজনে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী খেলায় ব্রাদারহুড স্পোর্টিং ক্লাব ট্রাইবেকারে ২-১ গোলে একুশে ক্লাব চাঁদপুরকে পরাজিত করে জয়লাভ করে।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে ইউনিয়নের দাসাদী ৮ নম্বর ওয়ার্ডের মাদ্রাসা মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে দুই দলের খেলা গোলশূন্য ড্র থাকায় ট্রাইবেকারে ম্যাচের নিষ্পত্তি হয়। এতে ২-১ গোলে জয় পায় ব্রাদারহুড স্পোর্টিং ক্লাব। খেলায় দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ব্রাদারহুড স্পোর্টিং ক্লাবের ১০ নম্বর জার্সিধারী খেলোয়াড় রাজাকে ম্যাচসেরা নির্বাচিত করা হয়।
অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. ইব্রাহিম খলিল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং তরুণ প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখার পাশাপাশি শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি এবং পারস্পরিক সম্প্রীতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তৃণমূল পর্যায়ে এমন ক্রীড়া আয়োজন নতুন খেলোয়াড় তৈরির সুযোগ সৃষ্টি করে এবং ভবিষ্যতে জাতীয় পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড় গড়ে তুলতে সহায়ক হয়।


তিনি আরও বলেন, তরুণ সমাজকে মাদক, ইভটিজিংসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তরুণদের অবসর সময়কে ইতিবাচক কাজে লাগাতে গ্রাম ও ইউনিয়ন পর্যায়ে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা প্রয়োজন। শুধু ফুটবল নয়, ক্রিকেট, ভলিবল, দাবা ও কাবাডিসহ বিভিন্ন ধরনের খেলাধুলার চর্চা বাড়াতে হবে। এর মাধ্যমে তরুণদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব তৈরি হবে এবং সামাজিক বন্ধন আরও দৃঢ় হবে।
নিজ ইউনিয়নের কৃতী সন্তান হিসেবে এলাকার ক্রীড়াঙ্গনের উন্নয়নে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে মো. ইব্রাহিম খলিল বলেন, দাসাদীসহ কল্যাণপুর ইউনিয়নের খেলাধুলার যেকোনো ইতিবাচক উদ্যোগে তিনি সবসময় পাশে থাকবেন। পাশাপাশি চাঁদপুরের ফুটবলসহ সব ধরনের খেলাধুলাকে এগিয়ে নিতে তাঁর পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করবেন।
আয়োজক সূত্রে জানা যায়, এ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে মোট ২৪টি দল অংশগ্রহণ করছে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের মধ্য দিয়ে বিভিন্ন ধাপ অতিক্রম করে শেষ পর্যন্ত দুটি দল ফাইনালে মুখোমুখি হবে। ফাইনাল খেলার মধ্য দিয়ে টুর্নামেন্টের সমাপ্তি ঘটবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ৩ নম্বর কল্যাণপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল আলম খান, টুর্নামেন্ট আয়োজক কমিটির সদস্য সাইফুর রহমান এবং টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য ফয়সাল গাজী।
ধারাভাষ্যকার ও সঞ্চালক আসসাদ খান এবং শামসুল ইসলাম রনির যৌথ সঞ্চালনায়, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাসাদী অগ্নিশিখা ক্লাব টুর্নামেন্ট আয়োজক কমিটির প্রধান সমন্বয়ক হুমায়ুন কবির, দাসাদী ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নয়ন সরকার, দাসাদী ইউনিয়ন যুবদলের সহসভাপতি বনী আমিন সরকার, দাসাদী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মো. রাশেদ হাওলাদার, ৮ নম্বর দাসাদী ওয়ার্ড যুবদলের সভাপতি শাহাদাত শেখ, দাসাদী অগ্নিশিখা ক্লাবের আয়োজক কমিটির সদস্য ফয়সাল গাজীসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, ক্রীড়াপ্রেমী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
স্থানীয় পর্যায়ে ফুটবলের প্রসার, তরুণ খেলোয়াড়দের প্রতিভা বিকাশ এবং মাদকমুক্ত সুস্থ সমাজ গঠনের প্রত্যাশা নিয়ে আয়োজিত এ টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।


























